বেলজিয়াম চলতি মাসের শেষ দিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। এ ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ম্যাক্সিম প্রেভো। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম এবং ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হবে।”
প্রেভো জানান, ইসরায়েলের বিরুদ্ধে ১২টি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এর মধ্যে রয়েছে দখলকৃত অঞ্চলের বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা এবং ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারি ক্রয়নীতি পুনঃমূল্যায়ন।
জাতিসংঘের সাধারণ অধিবেশন ৯ থেকে ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হবে। প্রেভো উল্লেখ করেছেন, ফিলিস্তিনে বিশেষ করে গাজায় চলমান মানবিক সংকটের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এর আগে জুলাই মাসের শেষ দিকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ঘোষণা করেছিলেন, তাঁর দেশও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। মাখোঁর ঘোষণার পর আরও কয়েকটি দেশ একই ধরনের পদক্ষেপের ঘোষণা দিয়েছে। তবে কিছু দেশ স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে শর্ত আরোপের পরিকল্পনা করছে।
চলতি বছরের এপ্রিল পর্যন্ত জাতিসংঘের ১৪৭ সদস্যরাষ্ট্র ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা মোট সদস্যসংখ্যার প্রায় ৭৫ শতাংশ।
বেলজিয়ামের ঘোষণা এমন এক সময়ে এসেছে, যখন গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ৬৩ হাজার ৪৫৯ জন নিহত এবং ১ লাখ ৬০ হাজার ২৫৬ জন আহত হয়েছেন।

