মহারাষ্ট্রের নাগপুর থেকে কোলকাতাগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের পর মাঝ আকাশে ‘বার্ড স্ট্রাইক’-এর কারণে ফের নাগপুরে ফিরে আসে। আজ মঙ্গলবার এই ঘটনা ঘটেছে।
নাগপুর বিমানবন্দরের জ্যেষ্ঠ পরিচালক আবিদ রুহি জানিয়েছেন, উড়োজাহাজটি উড্ডয়নের কিছুক্ষণ পর পাখির সঙ্গে সংঘর্ষের মুখে পড়ে। “প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, বার্ড স্ট্রাইকেই বিমান ফেরানোর কারণ। বিষয়টি বিস্তারিতভাবে তদন্ত করা হচ্ছে” তিনি বলেন।
ফ্লাইটটিতে প্রায় ১৬০ থেকে ১৬৫ জন যাত্রী ছিলেন। বিমানটি নিরাপদে ফিরে এসেছে এবং যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।
ইন্ডিগো এয়ারলাইন্সের বিবৃতিতে বলা হয়েছে, “৬ই৮১২ নম্বর ফ্লাইটটি টেক-অফের কিছুক্ষণের পর বার্ড স্ট্রাইকের মুখে পড়ে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পাইলটরা নাগপুরে ফিরে আসার সিদ্ধান্ত নেন। বিমানটির অবস্থা পরীক্ষা করা হচ্ছে। এর কারণে ফ্লাইটটি বাতিল করা হয়েছে।”
প্রসঙ্গত, আকাশে উড়োজাহাজের সঙ্গে পাখি বা বাদুড়ের সংঘর্ষকে ‘বার্ড স্ট্রাইক’ বলা হয়। এমন ঘটনা মাঝে মাঝে ঘটে এবং প্রপেলারে ঢুকলে বিমান দুর্ঘটনার কারণও হতে পারে।

