যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তার নিজের মৃত্যুর গুজব নিয়ে সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন। গত কয়েক দিন ধরে এক্সসহ বিভিন্ন প্ল্যাটফর্মে এ ধরনের খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ফক্স নিউজের একজন সাংবাদিক এই বিষয়ে তাকে প্রশ্ন করলে ট্রাম্প বিস্ময় প্রকাশ করেন এবং ঘটনাটি ‘সম্পূর্ণ পাগলামি’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “সত্যি বলছেন? আমি তো এটা দেখিনি। গত সপ্তাহে আমি একাধিক সফল সংবাদ সম্মেলন করেছি। মাত্র দুই দিন কোনো সম্মেলন করিনি, আর তারা বলছে, নিশ্চিতভাবেই আমার কিছু হয়েছে।”
ট্রাম্প আরো ব্যঙ্গ করে উল্লেখ করেন, “বাইডেন তো মাসের পর মাস প্রকাশ্যে আসতেন না। কেউ বলেনি তার কিছু হয়েছে, অথচ তিনি তখন দারুণ ফিট ছিলেন।”
তিনি জানান, গুজব চলাকালীন সময়ে তিনি প্রায় দেড় ঘণ্টার একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন, বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ একাধিক পোস্ট করেছেন। এছাড়া তিনি পোটোম্যাক নদীর ধারে নিজের ক্লাবে সাধারণ মানুষের সঙ্গে দেখা করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট এই খবরকে ‘পুরোটাই ভুয়া’ বলে অভিহিত করে গণমাধ্যমকে তীব্রভাবে আক্রমণ করেছেন। তিনি বলেন, “এই ধরনের খবরের কারণে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা দিন দিন কমছে।”

