চীন দ্রুত যুক্তরাষ্ট্রের সামরিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে ফেলছে এবং বিপুল অস্ত্রভাণ্ডার গড়ে তুলতে সক্ষম, এমনটাই দেখা গেছে আজকের সামরিক কুচকাওয়াজে। তবে কার্যকরী সক্ষমতা, কৌশল এবং যুদ্ধ পরিচালনায় এখনো যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলতে পারেনি বলে বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন।
সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির সামরিক রূপান্তর কর্মসূচির সহকারী অধ্যাপক মাইকেল রাস্কা বলেন, “যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে এমন একটি সংস্কৃতি রয়েছে, যেখানে মাটিতে অবস্থানরত ইউনিটগুলোকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার এবং নতুন কৌশল প্রয়োগের সুযোগ দেওয়া হয়। অন্যদিকে চীনে সবকিছুই শীর্ষ থেকে নির্দেশনার ওপর নির্ভরশীল।”
তিনি আরও যোগ করেন, “আপনার কাছে যত আধুনিক প্ল্যাটফর্ম বা দৃষ্টিনন্দন অস্ত্র থাকুক না কেন, যদি শীর্ষ পর্যায়ের নির্দেশ না আসে, তা কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হবে না।”
রাস্কার মতে, যুক্তরাষ্ট্রের সেনারা কার্যকরভাবে যুদ্ধ পরিচালনা করতে পারে কারণ তাদের কৌশল মূলত ‘নিচ থেকে ওপরে’—এতে ইউনিটগুলো পরিস্থিতি অনুযায়ী স্বতন্ত্রভাবে সিদ্ধান্ত নিতে পারে। ফলে তারা যেকোনো যুদ্ধে দ্রুত, উদ্ভাবনী ও চটপটে ভূমিকা পালন করতে সক্ষম।
চীনের সক্ষমতা সম্পর্কে তিনি বলেন, “কার্যকরী পর্যায়ে অনেক সময় দেখা যায়, তারা যতটা দক্ষতার দাবি করে, বাস্তবে ততটা নয়।” উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, গত মাসে ফিলিপাইনের কোস্টগার্ডকে ঠেকাতে গিয়ে চীনা দুটি জাহাজ নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল।

