যুক্তরাজ্য ১৬ বছরের কম বয়সীদের কাছে উচ্চমাত্রার ক্যাফেইনযুক্ত অ্যানার্জি ড্রিংক বিক্রি নিষিদ্ধ করতে যাচ্ছে। সম্প্রতি দেশটি নতুন আইন আনার ঘোষণা দিয়েছে। এই আইন কার্যকর হলে রেড বুলের মতো জনপ্রিয় পানীয় শিশু-কিশোরদের কাছে আর বিক্রি করা যাবে না।
বার্তা সংস্থা এএফপি জানায়, ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং বলেছেন, “শিশুদের স্বাস্থ্য রক্ষায় দোকানগুলোকে এ ধরনের পানীয় বিক্রি থেকে বিরত রাখতে হবে। আমরা চাই আগামী প্রজন্ম স্বাস্থ্যবান ও সুখী হোক। তাই এই পদক্ষেপ নেওয়া হলো।”
সরকারি তথ্য অনুযায়ী, ব্রিটেনে ১৩ থেকে ১৬ বছর বয়সী প্রতি তিনজন শিশুর একজন নিয়মিতভাবে অ্যানার্জি ড্রিংক পান করে। এসব পানীয়ের ক্যাফেইন প্রায় দুই কাপ কফির সমান বা তারও বেশি। যদিও বেশিরভাগ সুপারমার্কেট ইতিমধ্যেই স্বেচ্ছায় বিক্রির ক্ষেত্রে বয়সসীমা আরোপ করেছে, এবার সরকার এটি আইনি রূপ দিতে যাচ্ছে।
আইনের আওতায় কম ক্যাফেইনযুক্ত সফট ড্রিংক যেমন ডায়েট কোক, চা বা কফি অন্তর্ভুক্ত হবে না। নতুন আইন প্রণয়নের আগে ১২ সপ্তাহব্যাপী পরামর্শ গ্রহণ করা হবে। এতে বিশেষজ্ঞ, অভিভাবক, খুচরা বিক্রেতা এবং উৎপাদকের মতামত নেওয়া হবে।
বর্তমান নিয়ম অনুযায়ী, প্রতি লিটারে ১৫০ মিলিগ্রামের বেশি ক্যাফেইনযুক্ত পানীয়ের বোতলে ‘শিশুদের পানের জন্য নয়’ সতর্কবার্তা লিখতে বাধ্য করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “অ্যানার্জি ড্রিংক হয়তো ক্ষতিকারক মনে নাও হতে পারে, কিন্তু এগুলো শিশুদের ঘুম, মনোযোগ এবং সামগ্রিক সুস্থতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এছাড়া অতিরিক্ত চিনি দাঁতের ক্ষতি এবং স্থূলতার ঝুঁকি বাড়ায়।”

