ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য অতিরিক্ত সেন্ট্রিফিউজ উৎপাদন করতে সক্ষম বলে জানিয়েছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-র প্রধান রাফায়েল গ্রোসি। বুধবার (৩ সেপ্টেম্বর) রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
গ্রোসি বলেন, সম্প্রতি ১২ দিনের যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার শিকার হওয়া ইরানি স্থাপনাগুলোতে পুনরায় আইএইএ পরিদর্শন চালানোর বিষয়ে আলোচনায় দ্রুত অগ্রগতি হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, চলতি সপ্তাহেই এ বিষয়ে একটি চুক্তি হতে পারে।
এর আগে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি আলি লারিজানি জানিয়েছেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রাজি। তবে ওয়াশিংটন কেবল আলোচনা প্রসঙ্গ তুলে ধরে, সরাসরি আলোচনায় বসে না। তিনি অভিযোগ করেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে মার্কিন দাবি মূলত অর্থবহ আলোচনার পথ বন্ধ করছে।
এদিকে, গত সপ্তাহে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ২০১৫ সালের পারমাণবিক চুক্তি (জেসিপিওএ)-র আওতায় থাকা ‘স্ন্যাপব্যাক মেকানিজম’ সক্রিয় করেছে। এর ফলে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হতে পারে। যুক্তরাষ্ট্র এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং ইরানের সঙ্গে সরাসরি আলোচনার দরজা খোলা রাখার বার্তাও দিয়েছে।

