আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০৫ জনে। আহত হয়েছেন অন্তত ৩ হাজার ৬৪০ জন। ধ্বংসস্তূপে আটকা পড়া মানুষদের উদ্ধারে এখনও তৎপরতা চলছে। দুর্গত অনেক এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে, ফলে অনেকেই খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
গত রোববার রাতে পাকিস্তান সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে ৬ দশমিক শূন্য মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন হওয়া কম্পনে কুনার ও নানগারহার প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কাদামাটি ও ইটের ঘর ধসে পড়ে ঘুমন্ত অবস্থায় বহু মানুষ নিহত হন।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি জানিয়েছেন, ভূমিকম্পে পাঁচ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কুনার প্রদেশে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে, পাশাপাশি নানগারহার ও লাঘমান প্রদেশেও বহু মানুষ আহত হয়েছেন। পরাঘাতের কারণে দুর্গম এলাকায় পৌঁছানো আরও কঠিন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসাবশেষ ধসে পড়ার ঝুঁকি থাকায় স্থানীয়রা ঘরের বাইরে অবস্থান করছেন।
গৃহহীনদের সামনে এখন চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো ইতিমধ্যে জানিয়েছে, তাদের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে। তালেবান প্রশাসন জানিয়েছে, দুর্গম পাহাড়ি অঞ্চলে উদ্ধারকাজ চলছে এবং আরও মানুষ ধ্বংসস্তূপে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা রয়েছে।
কুনারের বাসিন্দা আলেম জান বলেন, “আমাদের যা কিছু ছিল সব ধ্বংস হয়ে গেছে। শুধু গায়ে যে কাপড় আছে তা–ই অবশিষ্ট।” তার পরিবার বর্তমানে গাছের নিচে সামান্য মালপত্র নিয়ে আশ্রয় নিয়েছেন।

