যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় দেশগুলোকে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই অর্থ মস্কোকে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করছে। একই সঙ্গে তিনি চীনের ওপরও অর্থনৈতিক চাপ তৈরি করতে বলেছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প শুক্রবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নেতৃত্বে অনুষ্ঠিত “কোয়ালিশন অব দ্য উইলিং” বৈঠকে ভিডিও কলে যোগ দেন। বৈঠকে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির পর কিয়েভকে নিরাপত্তা দেওয়ার বিষয়েও আলোচনা হয়।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, “ট্রাম্প স্পষ্টভাবে বলেন, ইউরোপকে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হবে। কারণ শুধু এক বছরে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার কাছ থেকে জ্বালানি কিনে ১.১ বিলিয়ন ইউরো দিয়েছে।”
২০২২ সালে ইউক্রেনে হামলার পর ইউরোপ রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের জ্বালানি নির্ভরতা ছিন্ন করার চেষ্টা করছে। ইউরোপীয় কমিশন প্রস্তাব দিয়েছে, ২০২৮ সালের ১ জানুয়ারির মধ্যে রাশিয়ার তেল ও গ্যাস আমদানি পুরোপুরি বন্ধ করতে হবে। বেশিরভাগ দেশ ইতোমধ্যেই রাশিয়ার অপরিশোধিত তেল এবং প্রক্রিয়াজাত জ্বালানি আমদানি বন্ধ করেছে। তবে হাঙ্গেরি ও স্লোভাকিয়ার মতো কয়েকটি দেশ সীমিত পরিমাণে তেল নিচ্ছে।
ট্রাম্প বৈঠকে বলেন, “রাশিয়ার যুদ্ধ অর্থায়নে চীনও ভূমিকা রাখছে, তাই তাদের ওপরও অর্থনৈতিক চাপ বাড়াতে হবে।” বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনও উপস্থিত ছিলেন।
হোয়াইট হাউস কর্মকর্তা আরও বলেন, “‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর বৈঠক ইউক্রেনের নিরাপত্তা বিষয়ে ছিল। ট্রাম্প প্রশ্ন তুলেছেন, ইউরোপ যদি এখনও রাশিয়ার অর্থনীতিকে চাঙ্গা রাখে, তবে তাদের আন্তরিকতা কোথায়? এটি তার যুদ্ধ নয়, ইউরোপীয়দের দায়িত্ব।”
এর আগে ট্রাম্প সতর্ক করেছিলেন, রাশিয়ার তেল কিনলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। তবে গত এপ্রিলে মস্কোর ওপর সরাসরি কোনো শুল্ক আরোপ করা হয়নি। অন্যদিকে, ম্যাক্রোঁ জানিয়েছেন, যুদ্ধ-পরবর্তী সময়ে ইউক্রেনকে স্থল, সমুদ্র ও আকাশপথে আন্তর্জাতিক বাহিনী পাঠাতে ২৬টি দেশ প্রতিশ্রুতি দিয়েছে।

