যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের তিনটি মানবাধিকার সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তে সহযোগিতার কারণে আল হক, আল মেজান সেন্টার ফর হিউম্যান রাইটস এবং প্যালেস্টাইনিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (পিসিএইচআর)-কে কালো তালিকাভুক্ত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, সংস্থাগুলো সরাসরি আইসিসির তদন্ত ও গ্রেপ্তার কার্যক্রমে জড়িত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল রোম সংবিধির অংশীদার না হওয়ায় তারা আইসিসির কর্মকাণ্ডকে রাজনৈতিকভাবে প্রণোদিত মনে করে।
ইসরায়েল এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সা’আর বলেন, সংস্থাগুলো আইসিসিকে ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক অভিযানে সহায়তা করেছে। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি দাননও একই সুরে মন্তব্য করেছেন।
তবে মানবাধিকার সংস্থা ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তীব্র নিন্দা জানিয়েছে। অ্যামনেস্টির গবেষণা ও অ্যাডভোকেসি পরিচালক এরিকা গুয়েভারা-রোসাস বলেন, “সংস্থাগুলো ভয়াবহ পরিস্থিতিতেও মানবাধিকার লঙ্ঘনের তথ্য নথিভুক্ত করছে। এই নিষেধাজ্ঞা মানবাধিকার আন্দোলনের ওপর নগ্ন আঘাত এবং বৈশ্বিক বিচার ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা।”
সংযুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ঘোষণার কয়েক দিন আগে ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা বাতিল করা হয়, যাতে তারা জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নিতে না পারে। অন্যদিকে ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া ও বেলজিয়াম ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।

