বিশ্বের ২৬টি দেশ ইউক্রেনে সেনা পাঠানোর প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেন, অস্ত্রবিরতি কার্যকর হওয়ার পরদিনই পশ্চিমা মিত্র দেশগুলো স্থল, নৌ বা আকাশপথে সেনা পাঠাতে প্রস্তুত রয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ৩৫টি দেশের অংশগ্রহণে আয়োজিত ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ বৈঠক শেষে এ ঘোষণা দেন ম্যাক্রোঁ। তিনি আরও জানান, এই উদ্যোগে যুক্তরাষ্ট্রের সমর্থনও শিগগিরই আনুষ্ঠানিকভাবে যোগ হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ওয়াশিংটনের সহায়তা সম্ভবত আকাশ প্রতিরক্ষার মাধ্যমে দেওয়া হবে। এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার সঙ্গে কথা বলেছেন এবং ইউক্রেনের আকাশসীমার সর্বোচ্চ সুরক্ষা চেয়েছেন।
তবে গত মাসে আলাস্কায় ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের পর থেকে যুদ্ধবিরতির সম্ভাব্য চুক্তি আরও অনিশ্চিত হয়ে গেছে। ট্রাম্প আরও বলেছেন, ইউরোপীয় ইউনিয়নকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে রাশিয়ার তেল-গ্যাস আমদানি বন্ধ করতে হবে, যাতে মস্কোর যুদ্ধ অর্থনীতি দুর্বল হয়। হোয়াইট হাউস ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে, ২০২৭ সালের মধ্যে রাশিয়া থেকে তেল-গ্যাস আমদানি পুরোপুরি বন্ধ করা হবে। হোয়াইট হাউস জানিয়েছে, গত এক বছরে ইউরোপ রাশিয়ার কাছ থেকে অন্তত ১.১ বিলিয়ন ইউরো মূল্যের জ্বালানি আমদানি করেছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, পশ্চিমা মিত্ররা ইউক্রেনের প্রতি “অটলভাবে প্রতিশ্রুতিবদ্ধ” এবং যুক্তরাষ্ট্রের সমর্থনে রাশিয়াকে যুদ্ধ থামাতে চাপ দিতে হবে।
তবে সেনা পাঠানোর প্রতিশ্রুতি প্রকাশ্যে দিয়েছে খুব কম দেশ। যুক্তরাষ্ট্র স্পষ্ট জানিয়েছে, তারা স্থল সেনা পাঠাবে না। ইউরোপীয় কূটনীতিকদের মতে, এখন প্রকাশ্যে সেনা পাঠানোর ঘোষণা দিলে তা রাশিয়ার পশ্চিমবিরোধী প্রচারণাকে আরও উস্কে দিতে পারে।
মস্কো ঘোষণা দিয়েছে, ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েন করা যাবে না, বরং রাশিয়াকেই অস্ত্রবিরতির গ্যারান্টারদের মধ্যে থাকতে হবে। তবে কিয়েভ ও তার মিত্ররা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
অস্ত্রবিরতি নিয়ে আলোচনা চললেও রাশিয়া নতুন করে সেনা পাঠাচ্ছে বলে অভিযোগ করেছেন ম্যাক্রোঁ। বৃহস্পতিবার উত্তর ইউক্রেনে রুশ হামলায় মাইন অপসারণকাজে নিয়োজিত দুইজন নিহত হয়েছেন। ইউক্রেন ও মিত্রদের মতে, প্রথমে অস্ত্রবিরতি হওয়া জরুরি, এরপর বৃহত্তর শান্তিচুক্তি করা সম্ভব হবে। তবে রাশিয়া এতে সম্মত নয়।
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ জানিয়েছেন, জেলেনস্কির অংশগ্রহণে আয়োজিত শীর্ষ বৈঠকের প্রথম অগ্রাধিকার হবে অস্ত্রবিরতি নিশ্চিত করা এবং পরে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া।

