রাজনৈতিক অস্থিরতার মধ্যে থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ভূমজাইথাই পার্টির প্রেসিডেন্ট আনুতিন চার্নভিরাকুল। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে তিনি সংখ্যাগরিষ্ঠ এমপিদের সমর্থন পান।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রীর পদে আনুতিন চার্নভিরাকুলের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন থাইল্যান্ডের বৃহত্তম রাজনৈতিক দল পিউ থাই পার্টির জ্যেষ্ঠ নেতা চিকাসেম নিতিসিরি। তবে ভোটে আনুতিন স্পষ্ট ব্যবধানে জয়ী হন।
থাইল্যান্ডের পার্লামেন্টের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের মোট ৪৯২টি আসনের মধ্যে বিজয়ের জন্য প্রয়োজন ছিল কমপক্ষে ২৪৭টি ভোট। ৫৮ বছর বয়সী আনুতিনের পক্ষে ভোট দিয়েছেন ৩১১ জন এমপি।
এর আগে নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে ২৯ আগস্ট সাংবিধানিক আদালতের রায়ে ক্ষমতা হারান সাবেক প্রধানমন্ত্রী পায়েতংতার্ন সিনাওয়াত্রা। তিনি দেশটির ইতিহাসে সবচেয়ে কম বয়সে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন, তবে মাত্র এক বছরের মাথায় পদচ্যুত হন।
শুক্রবারের এই ভোটের মাধ্যমে আনুতিন চার্নভিরাকুল থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন, পায়েতংতার্ন সিনাওয়াত্রার স্থলাভিষিক্ত হয়ে।

