ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের নাগপুর জেলায় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে ৮ জন নিহত হয়েছেন এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বিস্ফোরণ ঘটেছে নাগপুরের ভান্দারা এলাকায়, যা ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত। আজ শুক্রবার স্থানীয় সময় বেলা ১২টা ৩০ মিনিটের দিকে বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, বিস্ফোরণের তেজ এত প্রবল ছিল যে এর আওয়াজ ৫ কিলোমিটার দূর থেকেও শোনা গেছে।
নাগপুর জেলা প্রশাসক সঞ্জয় কোলতে জানিয়েছেন, বিস্ফোরণে কারখানার ছাদ ধসে পড়ায় শ্রমিকরা চাপা পড়েছিলেন। দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে ধ্বংসস্তুপ থেকে আট জনের মরদেহ এবং ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বিস্ফোরণটি কারখানার আরডিএক্স (RDX) তৈরির প্লান্টে ঘটেছে। এক কর্মী বলেন, “হঠাৎ চারদিকে ধোঁয়ায় ঢেকে যায়, শ্বাস নেওয়া কষ্টকর হয়ে পড়ে। সুপারভাইজার দ্রুত বের হতে বললেন। এরপরই বিস্ফোরণ ঘটে।” অন্য একজন বলেন, “ভূমিকম্পের মতো কেঁপে উঠেছিল কারখানা। ধাক্কায় আমরা ছিটকে পড়েছিলাম এবং প্রাণপণ কারখানার বাইরে পালিয়েছি।”
উল্লেখ্য, ২০২৩ সালে এই কারখানায়ও একটি বিস্ফোরণ হয়েছিল, যেখানে ৯ জন কর্মী নিহত হয়েছিলেন।

