ভেনেজুয়েলায় যে কোনো সময় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুয়ের্তো রিকোর সামরিক ঘাঁটিতে এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দেওয়ার পর এমন আশঙ্কা আরো বেড়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, ভেনেজুয়েলায় সক্রিয় সংঘবদ্ধ মাদক চক্রকে লক্ষ্য করেই এই হামলার পরিকল্পনা করা হয়েছে। মার্কিন প্রশাসনের এক সূত্র জানিয়েছে, পুয়ের্তো রিকোর বিমানঘাঁটিতে অন্তত ১০টি যুদ্ধবিমান পাঠানো হচ্ছে। এসব বিমান ব্যবহার করে ‘মাদক-জঙ্গি’ হিসেবে আখ্যায়িত এই চক্রগুলোর ওপর হামলা চালানো হবে।
এ পরিস্থিতিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র জোরপূর্বক তার সরকার উৎখাতের পরিকল্পনা করছে। তিনি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও শান্তির প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়ে বলেন, “আমি ট্রাম্পকে শ্রদ্ধা করি। আমাদের মধ্যে এমন কোনো মতপার্থক্য নেই যা সামরিক সংঘাত ডেকে আনতে পারে। ভেনেজুয়েলা সবসময় আলোচনায় আগ্রহী।”
অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, তারা ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের কথা বলেননি, তবে দেশটির ‘অস্বাভাবিক নির্বাচন’ নিয়ে আলোচনা হচ্ছে। তিনি গত জানুয়ারির বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করেন, যেখানে মাদুরো বিজয়ী হলেও পশ্চিমা দেশগুলো সেই নির্বাচনের বৈধতা দেয়নি।

