রাশিয়ার জ্বালানি কেনা বন্ধ করে আগামী এক থেকে দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চেয়ে বাণিজ্য চুক্তি করবে ভারত—এমন মন্তব্য করেছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক।
সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে লুটনিক বলেন, “আমি মনে করি, এক বা দুই মাসের মধ্যেই ভারত আলোচনার টেবিলে আসবে, তারা ক্ষমা চাইবে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তি করার চেষ্টা করবে।”
তিনি সতর্ক করে আরো বলেন, ভারত যদি যুক্তরাষ্ট্রকে সমর্থন না করে, তাহলে তাদের পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে ৫০ শতাংশ শুল্ক দিতে হবে।
গতকাল প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, “মনে হচ্ছে আমরা গভীর অন্ধকার চীনের কাছে ভারত ও রাশিয়াকে হারিয়েছি। আমি তিন দেশের সাফল্য কামনা করছি।” এই পোস্টের পরপরই ভারতকে নিয়ে মন্তব্য করেন মার্কিন বাণিজ্যমন্ত্রী।
লুটনিক বলেন, “এটা ভারতের আস্ফালন মাত্র। কারণ সবচেয়ে বড় ক্রেতার সঙ্গে লড়াই করা ভালো লাগতে পারে, কিন্তু শেষ পর্যন্ত নিজেদের ব্যবসার স্বার্থে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করবে।”
তিনি ভারতের তীব্র সমালোচনা করে আরো বলেন, “ভারত তাদের বাজার খুলবে না, রাশিয়ার তেল কেনা বন্ধ করবে না, আর ব্রিকস থেকেও সরে আসবে না। যদি ভারত রাশিয়া-চীন জোটের অংশ হতে চায়, তারা তা হোক। কিন্তু যদি না পারে, তবে ডলারকে সমর্থন করুন, যুক্তরাষ্ট্রকে সমর্থন করুন, আপনার সবচেয়ে বড় গ্রাহককে সমর্থন করুন। নাহলে ৫০ শতাংশ শুল্ক দিতে প্রস্তুত থাকুন। তারপর দেখা যাক এই লড়াই কতদিন চলে।”

