এ বছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর বদলে দেশটির প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
জাতিসংঘের সাধারণ বিতর্ক আগামী ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হবে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) জাতিসংঘ বক্তাদের আপডেট তালিকা প্রকাশ করেছে। তাতে দেখা যায়, ভারতের হয়ে ২৭ সেপ্টেম্বর বক্তব্য রাখবেন এস জয়শঙ্কর। এর আগে প্রকাশিত তালিকায় বলা হয়েছিল, ২৬ সেপ্টেম্বর বক্তব্য রাখবেন মোদি।
বাংলাদেশ, পাকিস্তান, চীন এবং ইসরায়েলের সরকারপ্রধানরা ২৬ আগস্ট বক্তব্য রাখবেন বলে তালিকায় উল্লেখ করা হয়েছে।
এ বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছিলেন মোদি। তবে কয়েক মাসের ব্যবধানে সম্পর্কের অবনতি ঘটে দুই দেশের মধ্যে। রাশিয়ার জ্বালানি কেনার কারণে ক্ষুব্ধ হয়ে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প, যা দুই দেশের সম্পর্কে উত্তেজনা সৃষ্টি করে।
জাতিসংঘের সাধারণ পরিষদের বক্তাদের তালিকা সবসময় অস্থায়ী থাকে এবং অধিবেশন শুরু হওয়ার আগ পর্যন্ত তা পরিবর্তন হতে পারে। এ বছরের অধিবেশনের শুরুতেই বক্তব্য রাখবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর বক্তব্য দেওয়ার কথা ব্রাজিলের প্রেসিডেন্টের।
এবারের অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স, কানাডা, বেলজিয়ামসহ বেশ কিছু পশ্চিমা দেশ। তবে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভিসা বাতিল করেছে, যাতে এই স্বীকৃতির পরিকল্পনা বানচাল হয়।

