মালয়েশিয়ায় ভিসার মেয়াদ অতিক্রম করে অবস্থান করার শাস্তিতে পরিবর্তন এনেছে দেশটির সরকার। নতুন নিয়ম অনুযায়ী, ৯০ দিনের কম অতিরিক্ত সময় থাকা বিদেশিদের বিরুদ্ধে আর আদালতে মামলা করা হবে না, বরং সরাসরি জরিমানা করবে ইমিগ্রেশন বিভাগ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এক অনুষ্ঠানে এই সিদ্ধান্তের ঘোষণা দেন। তিনি বলেন, নতুন নিয়মে মামলার নিষ্পত্তির সময় ১৪ দিন থেকে কমে মাত্র এক দিনে নেমে আসবে এবং আটককেন্দ্রে ভিড় কমাতেও এটি সহায়ক হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যদি কেউ ১ থেকে ৩০ দিন অতিরিক্ত অবস্থান করেন, তবে প্রতিদিনের জন্য ৩০ রিঙ্গিত হারে সর্বোচ্চ ৯০০ রিঙ্গিত জরিমানা গুনতে হবে। ৩১ থেকে ৬০ দিন অতিরিক্ত থাকলে ১ হাজার রিঙ্গিত এবং ৬১ থেকে ৯০ দিন অতিরিক্ত অবস্থান করলে ২ হাজার রিঙ্গিত জরিমানা দিতে হবে।
তিনি আরো জানান, যারা ৯০ দিনের বেশি সময় অবস্থান করবেন, তাঁদের বিরুদ্ধে মামলা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাইফুদ্দিন বলেন, এই নতুন নিয়ম কেবল তাঁদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে যাঁদের অতিরিক্ত অবস্থানের পেছনে ‘যৌক্তিক কারণ’ রয়েছে। তিনি ব্যাখ্যা করে বলেন, অসুস্থতা, দুর্ঘটনা, বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের মতো নিয়ন্ত্রণের বাইরে থাকা পরিস্থিতি এসব কারণের মধ্যে পড়বে।

