মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত, রাশিয়া ও চীনের সাম্প্রতিক সম্পর্ক নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্যাশালে ট্রাম্প লিখেছেন, “মনে হচ্ছে আমরা ভারত ও রাশিয়াকে গভীর, অন্ধকারময় চীনের কাছে হারিয়ে ফেলেছি। তাদের একসঙ্গে সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার শুভেচ্ছা জানাই।” তিনি এ পোস্টে তিন নেতার ছবি যুক্ত করেছেন।
এই প্রতিক্রিয়া এসেছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাক্ষাতের পর। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি এবং বেইজিং ও মস্কোর পক্ষ থেকেও তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সম্প্রতি চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর বৈঠকে ২০টির বেশি দেশের নেতাদের স্বাগত জানান শি জিনপিং। সেখানে উপস্থিত ছিলেন মোদী ও পুতিন। বৈঠকের সময় মোদী ও পুতিনকে হাত ধরে শি জিনপিংয়ের পাশে হাঁটতে দেখা যায়, পরে তিন নেতা পাশাপাশি দাঁড়িয়ে আলাপ করেন। এছাড়া মোদী শি জিনপিং ও পুতিনের সঙ্গে পৃথক দ্বিপাক্ষীয় বৈঠকও করেছেন।
কয়েক দশক ধরে চীনের ক্রমবর্ধমান প্রভাবের বিরুদ্ধে ভারতকে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে আসছে ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসন প্রথম মেয়াদে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহ দেখিয়েছে, কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহে দুই দেশের সম্পর্কের মধ্যে শীতলতা দেখা দিয়েছে। রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এই পরিস্থিতিতে ভারত মার্কিণ বাজারের বিকল্প হিসেবে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে।

