ইরান হিজাববিরোধী আন্দোলনে অংশ নেওয়া এক বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দেশটির বিচারবিভাগীয় ওয়েবসাইট মিজানের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
মিজান জানায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেহরান বাহরামিয়ান ২০২২ সালের ডিসেম্বরে ইস্ফাহান প্রদেশের সেমিরোম এলাকায় পুলিশ সদস্যদের গাড়ি লক্ষ্য করে গুলি চালান। এতে পুলিশ কর্মকর্তা মোহসিন রেজাই নিহত এবং কয়েকজন আহত হন। আদালতের রায়ে এই হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হয়ে শনিবার সকালে তার ফাঁসি কার্যকর করা হয়।
২০২২ সালের সেপ্টেম্বরে মাহসা আমিনি নামের এক তরুণীর মৃত্যু হিজাববিরোধী আন্দোলনের সূত্রপাত ঘটায়। সঠিকভাবে হিজাব না পরার অভিযোগে ইরানের নৈতিকতা পুলিশ তাকে আটক করে এবং কয়েক ঘণ্টা পর তিনি পুলিশ হেফাজতেই মারা যান। এ ঘটনায় দেশজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যা দমন করতে গিয়ে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কয়েকশ মানুষ নিহত হয়।
বাহরামিয়ানের মৃত্যুদণ্ড কার্যকরের মধ্য দিয়ে ওই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত অন্তত ১০ জনকে এখন পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়েছে ইরান। অধিকার সংগঠনগুলোর তথ্যমতে, বাহরামিয়ানের ভাই ফাজেলকেও একই অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আন্দোলনের সময় পুলিশের গুলিতে তাদের আরেক ভাই মোরাদ নিহত হন।
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে, ইরানের নিরাপত্তা বাহিনী অনেক সময় মারধর, দীর্ঘ সময় নির্জন কারাবাসে রাখা এবং আহত ও পরিবারের সদস্যদের হুমকি দিয়ে স্বীকারোক্তি আদায় করে। পরে সেই জোরপূর্বক স্বীকারোক্তি আদালতে প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়।

