আন্তর্জাতিক প্রযুক্তি জগতের জন্য গুরুত্বপূর্ণ খবর—তাইওয়ানের সেমিকন্ডাক্টর প্রস্তুতকারী প্রতিষ্ঠান টিএসএমসি-এর (Taiwan Semiconductor Manufacturing Company) মার্কিন অনুমোদন বাতিল করা হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্র থেকে চীনে সরাসরি উন্নত প্রযুক্তি পাঠাতে পারবে না।
টিএসএমসি জানিয়েছে, এই সিদ্ধান্ত তাদের চীনের উৎপাদন কার্যক্রমে প্রভাব ফেলতে পারে, যদিও চীনের কারখানাগুলো মূলত পুরোনো প্রজন্মের চিপ তৈরি করে। প্রতিষ্ঠানটি পরিস্থিতি মূল্যায়ন করছে এবং মার্কিন সরকারের সঙ্গে আলোচনায় বসবে। তবে চীনে তাদের উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়টি তারা নিশ্চিত করেছেন।
বিবিসির খবরে বলা হয়েছে, এই পদক্ষেপটি আসলে যুক্তরাষ্ট্রের সম্প্রতি নেওয়া নীতির ধারাবাহিক অংশ। গত সপ্তাহেই দক্ষিণ কোরিয়ার স্যামসাং ও এসকে হাইনিক্স-এর ক্ষেত্রেও একই ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। এর ফলে চীনে এই কোম্পানিগুলোর কারখানায় মার্কিন সরবরাহ আরও কঠিন হয়ে গেছে।
মার্কিন সরকার জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ চীনে টিএসএমসির উন্নত প্রযুক্তি রপ্তানির অনুমতি পুরোপুরি বাতিল করা হবে। তবে নতুন লাইসেন্স কত দ্রুত অনুমোদিত হবে, তা এখনও নিশ্চিত নয়। এর ফলে বৈশ্বিক সরবরাহ চেইনে কিছু বিলম্ব আসতে পারে।
বিশ্বের সবচেয়ে বড় সেমিকন্ডাক্টর প্রস্তুতকারী প্রতিষ্ঠান টিএসএমসি, যারা এনভিডিয়াসসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থার জন্য চিপ তৈরি করে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ মূলত চীনের প্রতি প্রযুক্তি রপ্তানিকে সীমিত করতে এবং নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে নেওয়া হয়েছে। যদিও প্রাথমিকভাবে কিছু আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানিকে ছাড়পত্র দেওয়া হয়েছিল, এখন সেই নিয়ন্ত্রণ কঠোর হয়েছে।
মার্কিন বাণিজ্য বিভাগের ব্যুরো অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (BIS) আগের ঘোষণা দিয়েছিল, এই পদক্ষেপের লক্ষ্য হলো ‘রপ্তানি নিয়ন্ত্রণের ফাঁক’ বন্ধ করা, যাতে মার্কিন কোম্পানিগুলোকে ‘প্রতিযোগিতামূলক অসুবিধার’ মুখোমুখি হতে না হয়।

