দেশের উন্নয়নের মাপকাঠি হিসেবে কেবল আয় বা জিডিপি নির্ভরযোগ্য নয়। বিশ্বের অর্থনীতিবিদ ও গবেষকেরা এই দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন যে, সমাজের প্রকৃত কল্যাণ কেবল আয়ের অঙ্কে পরিমাপ করলে বোঝা যায় না। মানুষের কল্যাণ বহুমুখী এবং এ ক্ষেত্রে বিকল্প কাঠামোর উদাহরণ হিসেবে আলোচনায় উঠে আসে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের ‘সক্ষমতা পদ্ধতি’ এবং ভুটানের ‘গ্রস ন্যাশনাল হ্যাপিনেস (জিএনএইচ)’ সূচক।
অক্সফোর্ড পভার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের পরিচালক অধ্যাপক সাবিনা আল-কায়ের অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
দীর্ঘদিন দারিদ্র্য পরিমাপের বহুমাত্রিক কাঠামোর ওপর কাজ করা আল-কায়ের বলেন, অমর্ত্য সেন উন্নয়নকে কেবল আয় বা মানসিক সুখের খাঁচা থেকে মুক্ত করে মানুষের প্রকৃত সক্ষমতার ওপর জোর দিয়েছিলেন। অর্থাৎ মানুষ আসলে কী করতে পারছে, কী হতে পারছে এবং তাদের জীবনযাপনের স্বাধীনতা কতটুকু—এটাই ব্যক্তি ও সামাজিক কল্যাণের মূল ভিত্তি।
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের কর্মের আলোকে আয়োজন করা হয় ‘ব্যক্তির জীবনকুশলতা ও সামাজিক কল্যাণ’ শীর্ষক পাঠচক্র। এটি আয়োজন করেছে বাঙলার পাঠশালা ফাউন্ডেশন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাঙলার পাঠশালার সভাপতি আহমেদ জাভেদ। সভাপতিত্ব করেন সিপিডি চেয়ারম্যান রেহমান সোবহান। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমর্ত্য সেন, যিনি ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানটির অংশ নেন।
আল-কায়ের বলেন, এই দৃষ্টিভঙ্গি ২০০৯ সালের স্টিগলিটস-সেন-ফিতুসি কমিশন থেকে শুরু করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং ওইসিডির ‘বিয়ন্ড জিডিপি’ উদ্যোগ পর্যন্ত নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। ভুটানের জিএনএইচ সূচককেও তিনি উদাহরণ হিসেবে তুলে ধরেন। ভুটানের সূচক স্বাস্থ্য, শিক্ষা, সাংস্কৃতিক বৈচিত্র্য, পরিবেশগত সহনশীলতা, সামাজিক প্রাণশক্তি সহ নয়টি ক্ষেত্রে মানুষের কল্যাণ পরিমাপ করে। এতে বসবাসের স্থান, লিঙ্গ, পেশা ও বয়সভিত্তিক বিশ্লেষণ অন্তর্ভুক্ত।
জিএনএইচ সূচকে মানুষকে শুধু ‘সুখী’ বা ‘অসুখী’ হিসেবে ভাগ করা হয় না। প্রতিটি ক্ষেত্রে নির্দিষ্ট মানদণ্ডে পরিমাপ করা হয় এবং প্রায় দুই-তৃতীয়াংশ পূর্ণ হলে তা যথেষ্ট ধরা হয়। আল-কায়ের বলেন, এটি সাংস্কৃতিকভাবে নির্দিষ্ট হলেও শিক্ষণীয়। পর্যাপ্ততা, বৈচিত্র্য এবং ব্যক্তিগত বিশ্লেষণকে যুক্ত করে এই সূচক সমাজের কল্যাণের বহুমাত্রিক দিক বোঝাতে সাহায্য করে।
আল-কায়েরের বক্তব্য চলাকালীন অনুষ্ঠান সঞ্চালক জানান, প্রধান অতিথি হিসেবে অমর্ত্য সেন উপস্থিত। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, সক্ষমতা পদ্ধতি তৈরি হয়েছিল দুই সীমাবদ্ধতার প্রতিক্রিয়া হিসেবে—একদিকে কেবল আয় ও সম্পদের প্রতি মনোযোগ, অন্যদিকে কেবল ব্যক্তিগত সুখে দৃষ্টি। তিনি জোর দিয়ে বলেন, ‘দুটিই গুরুত্বপূর্ণ, কিন্তু কোনো একটিই যথেষ্ট নয়। মূল হলো মানুষের নিজের মূল্যবান মনে হওয়া জীবনযাপনের স্বাধীনতা অর্জন।’
অমর্ত্য সেন আরো সতর্ক করেন যে, সুখকে উন্নয়নের চূড়ান্ত লক্ষ্য বানানো ঠিক নয়। সুখ একটি উপযোগী সূচক হতে পারে, কিন্তু মূল বিষয় হলো মানুষ তাদের কাঙ্ক্ষিত জীবনযাপনের সক্ষমতা রাখছে কি না। বয়স ও স্বাস্থ্যজনিত কারণে তিনি দীর্ঘ সময় অনুষ্ঠানটিতে থাকতে পারেননি।

সভায় উপস্থিত আল-কায়ের ভুটানের জিএনএইচ সূচকের বিস্তারিত ব্যাখ্যা দেন। ২০০০-এর দশকে ভুটান এটিকে বাস্তব সূচকে রূপান্তর শুরু করে এবং ২০১০ সালে আনুষ্ঠানিক সূচক চূড়ান্ত করে। এটি স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, সাংস্কৃতিক বৈচিত্র্য, সামাজিক প্রাণশক্তি সহ নয়টি ক্ষেত্রে মানুষের কল্যাণ পরিমাপ করে। বসবাসের স্থান, লিঙ্গ, পেশা ও বয়সভিত্তিক বিশ্লেষণ যুক্ত করা হয়েছে।
সমাপনী বক্তব্য দেন সিপিডি চেয়ারম্যান রেহমান সোবহান। তিনি বলেন, দারিদ্র্য কেবল অর্থনৈতিক বিষয় নয়; এটি গভীরভাবে বহুমাত্রিক। কেবল আয় বা জিডিপি সূচকে নির্ভর করা যায় না। স্বাস্থ্য, শিক্ষা, আবাসন, কর্মসংস্থান, ন্যায়বিচার প্রাপ্তি এবং সামাজিক অংশগ্রহণ—সব ক্ষেত্রেই বঞ্চনার বিষয় বুঝতে হবে।
রেহমান সোবহান জোর দিয়ে বলেন, আইনি ও প্রাতিষ্ঠানিক মাত্রা বিবেচনা না করলে দারিদ্র্য নিরসনের নীতি দুর্বল হয়। সংস্কৃতিকেও তিনি ‘মর্যাদা, পরিচয় ও সামাজিক সংহতির অপরিহার্য উপাদান’ হিসেবে চিহ্নিত করেন।
আল-কায়ের আহ্বানের সঙ্গে মিলিয়ে তিনি তরুণ প্রজন্মকে ক্ষমতায়িত করার গুরুত্বও তুলে ধরেন। তাঁর ভাষায়, অঙ্গীকারবদ্ধ তরুণেরা সাধারণ অবস্থান থেকেও বড় পরিবর্তনের সূত্রপাত ঘটাতে পারেন। দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইকে আল-কায়ের ‘নৈতিক ও রাজনৈতিক প্রকল্প’ হিসেবে সংজ্ঞায়িত করেন।
মুক্ত আলোচনায় বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিরা বক্তব্য দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী জাহেদ ইকবাল বলেন, অর্থনৈতিক গবেষণায় আইনকে কাঠামোগত উপাদান হিসেবে নিতে হবে। সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদুল মামুন বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া ব্যক্তির কল্যাণের সঙ্গে সম্পর্কিত।
সভায় উপস্থিত ছিলেন সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, ভারতীয় লেখক স্বাতী নারায়ণ, পপুলেশন কাউন্সিল নিউইয়র্কের জ্যেষ্ঠ গবেষক সাজেদা আমীন। পাঠচক্রের আহ্বায়ক অর্থনীতিবিদ ও দার্শনিক প্রশান্ত কুমার পট্টনায়ক, ব্যবসায়ী সৈয়দ নাসিম মঞ্জুর এবং মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমানও বক্তব্য দেন।
আল-কায়ের তরুণদের প্রতি পরামর্শ দেন, পরিবর্তন সবসময় শীর্ষ নেতৃত্ব থেকে আসে না। ছোট উদ্যোগও বড় প্রভাব ফেলে, সমাজের নেতা ও প্রতিষ্ঠানের ওপর প্রভাব রাখতে পারে।
এই পাঠচক্রে বিশ্বের ১৬টি দেশের নাগরিক অংশ নিচ্ছেন। মূল পর্ব শুরু হবে ১৩ সেপ্টেম্বর।

