যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘটনায় ট্রাম্পবিরোধী বিক্ষোভে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে সেনা প্রত্যাহারের জন্য দাবি করেছেন।
স্থানীয় সময় শনিবার অনুষ্ঠিত ‘উই আর অল ডিসি’ শিরোনামের বিক্ষোভে অনিবন্ধিত অভিবাসী ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থকরাও অংশ নেন। তারা হাতে ব্যানার নিয়ে স্লোগান দেন— ‘ট্রাম্পকে এখনই যেতে হবে’, ‘ডিসিকে মুক্ত করো’, ‘স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ো’।
বিক্ষোভে অংশ নেওয়া অ্যালেক্স লফার বলেন, “আমরা কর্তৃত্ববাদী শাসনের বিরোধিতা করছি। আমাদের রাস্তায় ফেডারেল পুলিশ ও ন্যাশনাল গার্ডের কোনো জায়গা নেই।”

ট্রাম্প গত মাসে শহরে অপরাধ দমনের কারণে সেনা মোতায়েন করেন। তার দাবি ছিল, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ওয়াশিংটন ডিসিতে সহিংস অপরাধ ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।
বর্তমানে ডিসিতে ছয়টি রিপাবলিকান অঙ্গরাজ্য থেকে দুই হাজারের বেশি সেনা টহল দিচ্ছে। সেনাদের দায়িত্ব কবে শেষ হবে তা স্পষ্ট নয়, তবে ন্যাশনাল গার্ডের কার্যাদেশ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
এর আগে ট্রাম্প ‘অপরাধ বৃদ্ধির কারণে জরুরি অবস্থা’ ঘোষণা করেন। বিষয়টি নিয়ে ওয়াশিংটন ডিসি প্রশাসন গত ৪ সেপ্টেম্বর মামলা দায়ের করেছে।
ডিসির অ্যাটর্নি জেনারেল ব্রায়ান শোয়ালব বলেছেন, “ওয়াশিংটন ডিসিতে কোনও জরুরি অবস্থা নেই। বাস্তবে সহিংস অপরাধের হার সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপকভাবে কমেছে। ২০২৩ থেকে ২০২৪ সালে ৩৫ শতাংশ কমে গেছে এবং চলতি বছর আরও ২৬ শতাংশ কমেছে।”

