জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। রোববার দেশটির গণমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে।
ইশিবা গত বছরের অক্টোবরে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। সম্প্রতি সংসদের উচ্চকক্ষে তাঁর নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা হারালে তিনি নিজ দলের নেতাদের সমালোচনার মুখে পড়েন।
দলীয় চাপের কারণে সাত দিন আগে পদত্যাগের গুঞ্জন উঠলেও ইশিবা তা তখন নাকচ করেছিলেন। এক সপ্তাহের মধ্যে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার সময় ইশিবা মুদ্রাস্ফীতি মোকাবিলা ও ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-তে সংস্কার আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু কয়েক মাসের মধ্যে সংসদের নিম্নকক্ষে এলডিপি ও তাদের জোট কোমেইতো সংখ্যাগরিষ্ঠতা হারায়। এরপর জুলাইয়ে উচ্চকক্ষেও এলডিপি সংখ্যাগরিষ্ঠতা হারায়।
আগামী সোমবার এলডিপিতে বিশেষ নেতৃত্ব বাছাইয়ের কথা রয়েছে। দলের ভেতর সম্ভাব্য বিভক্তি এড়াতে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ইশিবা।

