যুক্তরাষ্ট্রের জর্জিয়ার হুন্দাই-এর একটি গাড়ি কারখানায় অভিবাসন কর্তৃপক্ষের অভিযান চালিয়ে প্রায় ৪৭৫ জনকে আটক করা হয়েছে। এটি কোনো একক কারখানায় পরিচালিত সবচেয়ে বড় অভিযানের মধ্যে একটি বলা হচ্ছে।
এই অভিযানে আটকের মধ্যে বেশিরভাগই কোরিয়ান নাগরিক। কারখানাটি গত এক বছর ধরে বৈদ্যুতিক যানবাহন উৎপাদন করছে। অভিযানের জন্য দক্ষিণ কোরিয়া উদ্বেগ প্রকাশ করেছে এবং মার্কিন সরকারের কাছে তাদের নাগরিকদের অধিকার রক্ষা করার আহ্বান জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, বেআইনিভাবে কর্মসংস্থান ও অন্যান্য গুরুতর ফেডারেল অপরাধের অভিযোগে এই অভিযান পরিচালিত হয়েছে। স্পেশাল এজেন্ট স্টিভ শ্রাংক বলেছেন, “এটি এমন অভিযান নয় যেখানে এজেন্টরা লোকজনকে ঘেরাও করে ধরে নেয়। বরং এটি বহু মাস ধরে চলা একটি তদন্তের ফল।”

এই অভিযান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ অগ্রাধিকার বিষয়—মার্কিন উৎপাদন বৃদ্ধি ও অবৈধ অভিবাসন দমন—এর সঙ্গে সম্পর্কিত। ট্রাম্প বলেছেন, “তাদের অনেকেই অবৈধ অভিবাসী ছিলেন এবং আইসিই কেবল তার কাজ করছিল।”
অভিবাসন কর্মকর্তারা জানিয়েছেন, ৪৭৫ জনকে অবৈধভাবে দেশে থাকা বা বেআইনিভাবে কাজ করার কারণে আটক করা হয়েছে। আটকের পর এই কর্মীদের জর্জিয়ার আইসিই অফিসে রাখা হয়েছে। হুন্দাই বলেছে, “আটককৃতদের কেউই সরাসরি হুন্দাইয়ের নিয়োগকৃত কর্মী নন।”
রয়টার্স জানিয়েছে, এই ঘটনায় কারখানার উৎপাদন প্রভাবিত হয়নি। তবে কারখানার যৌথ অংশীদার দক্ষিণ কোরিয়ার এলজি এনার্জি সলিউশনস-এর নির্মাণ কাজ স্থগিত রাখা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন আইন প্রয়োগকারী সংস্থা কোরিয়ান বিনিয়োগ ও নাগরিকদের অধিকার লঙ্ঘন না করার প্রতি সতর্ক হোক।
জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প হুন্দাইয়ের বৈদ্যুতিক যানবাহন প্রকল্পকে রাজ্যের ইতিহাসের বৃহত্তম অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন।

