রাশিয়ার অর্থনীতি ধসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে ইউরোপীয় মিত্রদের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি বলেছেন, রুশ তেল কেনা দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করা গেলে মস্কোকে আলোচনায় বসতে বাধ্য করা সম্ভব হবে। সোমবার আল জাজিরা এক প্রতিবেদনে বিষয়টি জানায়।
রোববার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, “এখন হিসাবটা দাঁড়িয়েছে ইউক্রেনীয় সেনারা কতদিন টিকে থাকতে পারে আর রুশ অর্থনীতি কতদিন টিকে থাকতে পারে—তার ওপর।” তিনি উল্লেখ করেন, নতুন নিষেধাজ্ঞা এবং রুশ তেল আমদানি করা দেশগুলোর ওপর দ্বিতীয় পর্যায়ের শুল্ক আরোপ করা গেলে রাশিয়ার অর্থনীতি ভেঙে পড়বে এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনায় বসতে বাধ্য হবেন।
বেসেন্ট আরও বলেন, “আমরা রাশিয়ার ওপর চাপ বাড়াতে প্রস্তুত, তবে আমাদের ইউরোপীয় অংশীদারদেরও এতে অংশ নিতে হবে।” গত মাসে ট্রাম্প প্রশাসন রুশ তেল কেনা চালিয়ে যাওয়ায় ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক বসায়, যা যুক্তরাষ্ট্রের আরোপ করা সবচেয়ে কঠোর শুল্কগুলোর একটি হিসেবে বিবেচিত।
এর আগে রোববার ইউক্রেন জানায়, রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে আগ্রাসন শুরুর পর থেকে এবারই সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে। রাতভর হামলায় অন্তত চারজন নিহত হন এবং কিয়েভের একটি সরকারি ভবনে অগ্নিকাণ্ড ঘটে। ইউক্রেনে নিযুক্ত মার্কিন বিশেষ দূত কিথ কেলগ এ হামলার নিন্দা জানিয়ে বলেন, “মস্কো যুদ্ধ বন্ধের বদলে সবচেয়ে বড় আক্রমণ চালিয়ে কিয়েভের মন্ত্রিসভার দপ্তরে আঘাত হেনেছে। এটি প্রমাণ করে রাশিয়া কূটনৈতিক সমাধানে আগ্রহী নয়।”
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “হ্যাঁ, আমি প্রস্তুত,” তবে পরবর্তী পদক্ষেপ কী হবে তা বিস্তারিত জানাননি। ট্রাম্প একাধিকবার রাশিয়ার ওপর চাপ বাড়ানোর হুমকি দিলেও সুনির্দিষ্ট পদক্ষেপের ঘোষণা দেননি। যদিও তিনি যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়নে তিনি হিমশিম খাচ্ছেন।
এমন পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়া দেশগুলোর ওপর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। এবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি সব অংশীদারদের প্রতি কৃতজ্ঞ, তবে কেউ কেউ এখনো রুশ তেল ও গ্যাস কিনছে, যা ন্যায়সঙ্গত নয়। এসব দেশের ওপর শুল্ক বসানোই সঠিক পদক্ষেপ।”

