রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প “তার চাওয়া পূরণ” করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত মাসে আলাস্কায় অনুষ্ঠিত ট্রাম্প-পুতিন বৈঠককে তিনি রুশ প্রেসিডেন্টের জন্য একটি “অর্জন” হিসেবে আখ্যা দিয়েছেন।
রোববার (৭ সেপ্টেম্বর) সম্প্রচারিত এবিসি টেলিভিশনের এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, “আমি মনে করি পুতিন যা চাইছিল, প্রেসিডেন্ট ট্রাম্প তাকে সেটাই দিয়েছেন। পুতিনের প্রবল ইচ্ছা ছিল ট্রাম্পের সঙ্গে দেখা করার।”
তিনি বৈঠকে ইউক্রেনকে উপেক্ষা করার বিষয়ে হতাশা প্রকাশ করে বলেন, “পুতিন আমার সঙ্গে দেখা করতে চায় না কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে সবার সামনে ছবি দেখাতে খুব আগ্রহী। আমার মনে হয়, এটা দুঃখজনক যে ওই বৈঠকে ইউক্রেন ছিল না।”
রুশ আগ্রাসনের মধ্যে ইউক্রেন যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি মোকাবিলা করছে উল্লেখ করে জেলেনস্কি বলেন, তিনি যুদ্ধ চলাকালে মস্কো যেতে রাজি নন। তার প্রস্তাব, পুতিন চাইলে কিয়েভে আসতে পারেন। তবে পুতিনের দৃষ্টিতে তার বৈধতা প্রশ্নবিদ্ধ হওয়ায় এমন সম্ভাবনা নেই বলেই মনে করেন তিনি।
রুশ প্রেসিডেন্টের সঙ্গে যেকোনো ধরনের বৈঠকের ব্যাপারে তিনি প্রস্তুত বলে জানালেও রাশিয়ায় বৈঠকের সম্ভাবনা নাকচ করে দেন।
জেলেনস্কি বলেন, “আমার দেশ প্রতিদিন ক্ষেপণাস্ত্র ও হামলার মুখে থাকাকালে আমি মস্কো যেতে পারি না। পুতিনও এটা জানেন এবং নানা অজুহাত দেখিয়ে বৈঠক এড়িয়ে যান।”
রাশিয়ার সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়া দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপকে তিনি “সঠিক পদক্ষেপ” হিসেবে বর্ণনা করে মস্কোর ওপর আরো চাপ বাড়ানোর আহ্বান জানান। সম্প্রতি রুশ তেল কেনার অভিযোগে যুক্তরাষ্ট্র ভারতকে অতিরিক্ত শুল্কের আওতায় আনে। এই পদক্ষেপকে সমর্থন জানিয়ে জেলেনস্কি ইউরোপের কিছু দেশকেও সমালোচনা করেন, যারা এখনো রাশিয়ার জ্বালানি কিনছে। তার ভাষায়, “এটা ন্যায়সঙ্গত নয়। আমাদের রাশিয়া থেকে যেকোনো ধরনের জ্বালানি আমদানি বন্ধ করতে হবে।”
জেলেনস্কি সতর্ক করে বলেন, “পুতিনকে বিশ্বাস করা যাবে না। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলা করছেন।”

