টানা ভারী বৃষ্টিতে ভারতে যমুনা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে ফুলেফেঁপে উঠেছে। এর প্রভাবে উত্তর প্রদেশের আগ্রায় অবস্থিত বিশ্ব ঐতিহ্য তাজমহলের দেয়াল পর্যন্ত পৌঁছে গেছে যমুনার পানি।
রোববার (৭ সেপ্টেম্বর) রাতে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, নদীর পানি বৃদ্ধি পেয়ে তীরবর্তী কয়েকটি ঘরবাড়িও প্লাবিত করেছে। হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের নিম্ন হিমালয় অঞ্চলে সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতকে পানি বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় ইতিহাসবিদ রাজ কিশোর রাজে জানান, যমুনার পানির স্তর ২০২৩ সালের মতোই বেড়েছে এবং তাজমহলের দেয়াল পর্যন্ত পৌঁছেছে। তবে তিনি আশ্বস্ত করেছেন, মুঘল আমলের এই স্থাপত্য এমনভাবে নির্মিত যে, পানির চাপ সহজেই সহ্য করতে পারে এবং এখনো কোনো ক্ষতি হয়নি।
জেলা প্রশাসন সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে কন্ট্রোল রুম চালু করেছে এবং কর্মকর্তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
তাজমহল যমুনা নদীর তীরে দাঁড়িয়ে আছে। ২০২৩ সালে প্রায় ৪৫ বছর পর নদীর পানি প্রথমবারের মতো তাজমহল কমপ্লেক্সের বাইরের দেয়ালের কাছে পৌঁছেছিল। সেসময় পেছনের বাগান প্লাবিত হয়। তারও আগে ১৯৭৮ সালের বন্যায় একই পরিস্থিতি তৈরি হয়েছিল।


