বিশ্ববিদ্যালয়গুলোর আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর কোনো ভূমিকা নেই বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের কোনো প্রশ্নই ওঠে না।
সোমবার (৮ সেপ্টেম্বর) সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়। পোস্টে উল্লেখ করা হয়, এর আগে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমেও একই তথ্য স্পষ্ট করা হয়েছিল।
তবুও একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে যাচ্ছে। এসব বিভ্রান্তিকর অপপ্রচার স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টা এবং সার্বিক নির্বাচনী পরিবেশকে ব্যাহত করার কৌশল বলে মন্তব্য করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী আশা প্রকাশ করেছে, দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং এটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য উদাহরণ হয়ে উঠবে। সেনাবাহিনী নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী, ভোটার এবং সংশ্লিষ্ট সবার প্রতি শুভকামনাও জানিয়েছে।

