ওজন কমালেই লাখ টাকা পুরস্কার! চীনের শেনজেনভিত্তিক প্রযুক্তি কোম্পানি আরাশি ভিশন তার কর্মীদের স্বাস্থ্যকর জীবনধারার জন্য অনন্য প্রতিযোগিতা আয়োজন করেছে।
কোম্পানিটির ‘মিলিয়ন ইউয়ান ওয়েট লুজ চ্যালেঞ্জ’-এ অংশগ্রহণকারীরা ৯০ দিনে ২০ কেজি বা তার বেশি ওজন কমালে ২০ হাজার ইউয়ান (প্রায় ৩ লাখ ৪০ হাজার টাকা) পুরস্কার জিততে পারেন। এ বছর এই চ্যাম্পিয়ন হয়েছেন তরুণ কর্মী শিয়ে ইয়াকি।
প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, যেকোনো কর্মী ৫০০ গ্রাম (আধা কেজি) ওজন কমালে ৫০০ ইউয়ান পান। শিয়ে বলেন, তিনি নিয়মিত খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ ও প্রতিদিন দেড় ঘণ্টা ব্যায়ামের মাধ্যমে এই অর্জন করেছেন। তিনি আরো জানান, “এটি শুধু সৌন্দর্য নয়, স্বাস্থ্যের সঙ্গেও সম্পর্কিত।”

কোম্পানির এক প্রতিনিধি বলেন, “এই চ্যালেঞ্জের মাধ্যমে আমরা কর্মীদের স্বাস্থ্যকর জীবনধারায় উদ্বুদ্ধ করতে চাই এবং কাজে নতুন উদ্দীপনা যোগ করতে চাই।” তবে ওজন কমানোর পরে অবহেলা করলে জরিমানা রয়েছে। পুরস্কারপ্রাপ্ত কোনো কর্মীর ওজন যদি পরে বেড়ে যায়, প্রতি ৫০০ গ্রাম ওজন বৃদ্ধিতে ৮০০ ইউয়ান জরিমানা দিতে হবে।
কোম্পানিটি ২০২২ সাল থেকে সাত দফায় এ প্রতিযোগিতার আয়োজন করেছে। ইতোমধ্যে মোট ২০ লাখ ইউয়ান পুরস্কার বিতরণ করা হয়েছে। শুধু গত বছরই ৯৯ জন কর্মী অংশ নিয়ে ৯৫০ কেজি ওজন কমিয়ে ১০ লাখ ইউয়ান ভাগাভাগি করেছেন।

