গত বুধবার বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে চীনের প্রেসিডেন্ট শি-জিন-পিং সামরিক কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। তাঁর বাম পাশে ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ডান পাশে ছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন, আর তাদের পেছনে অবস্থান করছিলেন ইরান, পাকিস্তান, বেলারুশ ও মিয়ানমারসহ প্রায় ২০টি দেশের নেতা। এ দৃশ্য বিশ্বমঞ্চে শক্তিশালী রাজনৈতিক বার্তা হিসেবে প্রতীয়মান হয়।
প্রায় ৫০ হাজার মানুষ তিয়েনআনমেন স্কয়ারে এই কুচকাওয়াজ দেখেছেন। তাঁরা তীব্র রোদ উপেক্ষা করে সমবেত হন, হাতে ছোট ছোট চীনা পতাকা নিয়ে। চীনের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠান সম্প্রচার করা হয়েছে, পাশাপাশি চীনের বাইরে অনেক দেশ থেকেও এটি লাইভ সম্প্রচারিত হয়েছে।
সামরিক কুচকাওয়াজ চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আপনি যখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, দয়া করে ভ্লাদিমির পুতিন ও কিম জং–উনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দেবেন।” পশ্চিমা পর্যবেক্ষকরা এটিকে স্পষ্ট বার্তা হিসেবে দেখেছেন। তাদের ধারণা, চীন ইচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্রকে উসকানি দিচ্ছে।

কুচকাওয়াজের আয়োজন অত্যন্ত বিস্তৃত। প্রশিক্ষিত সেনারা স্কয়ার জুড়ে দাঁড়িয়ে চিৎকার করেন, একে একে বড় আকারের পারমাণবিক অস্ত্র বহনকারী ক্ষেপণাস্ত্র ও পানির নিচে চলা ড্রোন প্রদর্শিত হয়। যুদ্ধবিমানগুলো নিয়ন্ত্রিতভাবে আকাশে উড়ে যায়, যা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে চীনের সামরিক শক্তি প্রদর্শন হিসেবে প্রতীয়মান হয়। এ আয়োজন স্পষ্ট করে দেয়, চীন সামরিক শক্তি ও ভূ-রাজনৈতিক প্রভাবের ক্ষেত্রে একটি বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে।
চীন দীর্ঘদিন ধরে তাদের সামরিক ও অর্থনৈতিক উত্থানকে শান্তিপূর্ণ বলে প্রচার করছে। দেশটি যুক্তরাষ্ট্রকে যুদ্ধবাজ হিসেবে সমালোচনা করেছে। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উদ্যাপনের এই কুচকাওয়াজে চীনের প্রদর্শিত শক্তি প্রমাণ করে যে দেশটি দ্রুতগতিতে অন্যতম সামরিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হচ্ছে।
শি জিং পিং কুচকাওয়াজে কিম ও পুতিনকে পাশে বসিয়ে বার্তা দিয়েছেন যে, বিশ্বজুড়ে সংঘাত ও দ্বন্দ্বের দায় তাঁদের নয়, বরং যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থার উপর বর্তাচ্ছে।
তিনি বলেন, সব দেশ সমান হিসেবে যদি একে অপরের সঙ্গে সহযোগিতা করে, শান্তিপূর্ণভাবে অবস্থান করে, তখনই গোড়া থেকে যুদ্ধ নির্মূল সম্ভব এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়। সি এবং তার কর্মকর্তারা বারবার উল্লেখ করেছেন, সমস্যার মূল কারণ হলো “শীতল যুদ্ধের সময়ের মানসিকতা।”

সপ্তাহের শুরুতে চীনের বন্দর শহর তিয়ানজিনে সি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসসহ আঞ্চলিক নেতাদের সঙ্গে শীর্ষ সম্মেলন করেন। সেখানে ‘গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ’ উন্মোচন করা হয়। এই উদ্যোগের মাধ্যমে চীন বিশ্বব্যবস্থাকে পুনর্গঠন করে আরো গণতান্ত্রিক ও সমন্বিত করতে চায়। বেইজিংয়ের রেনমিন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক ইনস্টিটিউটের পরিচালক ওয়াং ইওয়ে বলেন, জাতিসংঘের মাধ্যমে গ্লোবাল সাউথের দেশগুলোকে আরো বেশি ক্ষমতা ও মতামত দেওয়ার সুযোগ নিশ্চিত করা হবে।
শি জিন পিংয়ের গ্লোবাল গভর্ন্যান্স পরিকল্পনা কেবল নিরাপত্তা নয়, বরং অর্থনীতি ও প্রযুক্তিতেও মনোনিবেশ করবে। এতে সুইফট সিস্টেম, বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থাপনা, সমুদ্র ও জলবায়ু ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত। পর্যবেক্ষকরা মনে করছেন, এই উদ্যোগের উদ্দেশ্য দুইটি। প্রথম, পশ্চিমা শক্তির চাপের মধ্যে থাকা দেশগুলোর জন্য একটি মিলনকেন্দ্র তৈরি করা। দ্বিতীয়, মার্কিন ক্ষমতা কমিয়ে তা চীনা মিত্র দেশগুলোর মধ্যে ভাগ করা।
চীন কুচকাওয়াজে তাদের উন্নত ক্ষেপণাস্ত্র ও সমর ড্রোন প্রদর্শন করেছে, যা বিশ্বের যেকোনো প্রান্তে হামলা চালাতে সক্ষম। হাইপারসনিক প্রযুক্তি এবং আধুনিক লেজার অস্ত্র প্রতিদ্বন্দ্বীদের জন্য চীনা বাহিনীকে প্রতিহত করা কঠিন করে তুলতে পারে।
সি তিয়েনআনমেন স্কয়ারের জনতার দিকে তাকিয়ে বিশ্ববাসীকে স্পষ্ট বার্তা দিয়েছেন—শান্তি অথবা যুদ্ধের মধ্যে একটি বেছে নিতে হবে। সামরিক শক্তির এই প্রদর্শনী আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে চীনের দ্রুত উত্থান এবং বিশ্বমঞ্চে প্রভাব বিস্তারকে পরিষ্কারভাবে দেখিয়েছে।

