জাপান আবারও রাজনৈতিক অস্থিরতার মুখে দাঁড়িয়ে। মাত্র এক বছরেরও কম সময় ক্ষমতায় থাকার পর প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন শিগেরু ইশিবা। তাঁর নেতৃত্বে পরপর দুটি বড় নির্বাচনী পরাজয় ছিল এর মূল কারণ। রবিবার তিনি পদত্যাগের ঘোষণা দেন, যদিও তার আগেই শাসক লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ভেতরে ভেতরে তাঁকে সরানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল।
এখন টোকিওতে আবারও শাসক দলের নেতৃত্ব নির্বাচন হতে যাচ্ছে—যা হবে পাঁচ বছরে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী পরিবর্তন। আরেকদিকে, দুটো জাতীয় নির্বাচনের বিজয়ীরাও পূর্ণ মেয়াদ শেষ করতে পারেননি।
কেন পদত্যাগ করলেন ইশিবা?
ইশিবার আগের ইতিহাসও খুব স্থিতিশীল ছিল না। ২০২০ সালে সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের পদত্যাগের পর ইয়োশিহিদে সুগা প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। কিন্তু এক বছরের মাথায় জনপ্রিয়তা তলানিতে নেমে যাওয়ায় তাঁকেও বিদায় নিতে হয়। তাঁর জায়গায় আসেন ফুমিও কিশিদা, যিনি ২০২১ সালের শেষের নির্বাচনে জয়লাভ করেছিলেন। কিন্তু দুর্নীতি কেলেঙ্কারি, জীবিকার ব্যয়বৃদ্ধি আর ইয়েনের পতনে কিশিদার জনপ্রিয়তাও ভেঙে পড়ে।
২০২৪ সালে এলডিপি নেতৃত্বে আসেন শিগেরু ইশিবা। ক্ষমতায় এসেই তিনি আগাম নির্বাচন ডাকেন, যুক্তি দেন যে নতুন সরকারকে জনগণের রায়ের মুখোমুখি হতে হবে। কিন্তু ফল হলো উল্টো। জনগণ তখনো দুর্নীতির ক্ষত আর মুদ্রাস্ফীতির চাপে ক্ষুব্ধ। ফলস্বরূপ, এলডিপি এক দশকের মধ্যে সবচেয়ে বড় ধাক্কা খায় এবং একক সংখ্যাগরিষ্ঠতা হারায়।
এ বছর উচ্চকক্ষের নির্বাচনেও দলটি বড় হারে পরাজিত হয়। শুরুতে ইশিবা পদে টিকে থাকার চেষ্টা করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্য আলোচনার কারণ দেখান। কিন্তু দলের ভেতর থেকে চাপ এতটাই বেড়ে যায় যে শেষ পর্যন্ত পদ ছাড়তে বাধ্য হন।
কারা হতে পারেন পরবর্তী প্রধানমন্ত্রী?
অক্টোবরে এলডিপির নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, এবং বিজয়ী প্রার্থীই প্রায় নিশ্চিতভাবে প্রধানমন্ত্রী হবেন। এখনো আনুষ্ঠানিকভাবে কেউ প্রার্থিতা ঘোষণা করেননি, তবে তিনটি নাম ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গনে।
প্রথমজন শিনজিরো কোইজুমি—জনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির ছেলে, যিনি বর্তমানে কৃষিমন্ত্রী। বয়স মাত্র ৪৪, তরুণ, আকর্ষণীয় এবং সামাজিক মাধ্যমে সক্রিয়—বিড়ালের ছবি পোস্ট করেও তিনি তরুণদের কাছে জনপ্রিয়।
দ্বিতীয়জন ইয়োশিমাসা হায়াশি—বর্তমান প্রধান কেবিনেট সচিব। অভিজ্ঞ, ঠান্ডা মাথার, তবে খুব বেশি প্রচারবিমুখ।
তৃতীয়জন সানায়ে তাকাইচি—যিনি জিতলে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হবেন। তিনি কঠোর রক্ষণশীল, সমলিঙ্গ বিবাহের বিরোধী এবং নারীদের ‘পারিবারিক ভূমিকা’ নিয়েই বেশি গুরুত্ব দেন।
এর বাইরেও প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোরিগি ও সাবেক অর্থনৈতিক নিরাপত্তা মন্ত্রী তাকায়ুকি কোবায়াশির নাম আলোচনায় আছে।
নতুন প্রধানমন্ত্রীর সামনে কী চ্যালেঞ্জ?
নতুন নেতৃত্বকে প্রথমেই এক দুর্বল ও বিভক্ত দলকে ঐক্যবদ্ধ করতে হবে। সাম্প্রতিক নির্বাচনে ডানপন্থী জাতীয়তাবাদী দল সানসেইতো এলডিপির বড় অংশের ভোট কেড়ে নিয়েছে। ফলে, হারানো ভোটারদের ফেরানো হবে সবচেয়ে বড় কাজ।
তার সঙ্গে আছে অর্থনৈতিক সংকট। জাপানে মুদ্রাস্ফীতি দীর্ঘদিন পর এমন মাত্রায় পৌঁছেছে যে সাধারণ মানুষ স্তম্ভিত। দাম বাড়ছে, কিন্তু মজুরি বাড়ছে না। দুর্বল ইয়েনের কারণে বিদেশ ভ্রমণও নাগালের বাইরে চলে গেছে। ফলে মানুষের মধ্যে দেশ ‘গরিব হয়ে যাচ্ছে’—এমন অনুভূতি ছড়িয়ে পড়েছে।
কূটনৈতিকভাবে চ্যালেঞ্জ আরও জটিল। চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার সাম্প্রতিক ঘনিষ্ঠতা জাপানের জন্য সরাসরি উদ্বেগের বিষয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক সবসময় সহজ নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই টোকিওকে চাপ দিয়েছেন জাপানে অবস্থানরত মার্কিন সেনাদের জন্য বেশি খরচ বহন করতে।
কেন এত ঘন ঘন প্রধানমন্ত্রী বদলায় জাপানে?
গত দুই দশকে দেশটিতে দশের বেশি প্রধানমন্ত্রী হয়েছেন। মূল কারণ, জাপান কার্যত একদলীয় গণতন্ত্র। আসল প্রতিদ্বন্দ্বিতা আসে এলডিপির ভেতর থেকেই। দলটির ভেতরে নানা গোষ্ঠী নিজেদের লোককে শীর্ষে বসাতে মরিয়া থাকে। তাই একজন প্রধানমন্ত্রী ক্ষমতায় বসামাত্রই তাঁকে সরাতে আরেকটি গোষ্ঠী সক্রিয় হয়ে ওঠে।
বিশেষজ্ঞদের মতে, জাপানের প্রধানমন্ত্রী পদ এখন একরকম “বিষপান করার পাত্র”। ক্ষমতায় আসা মানেই চারপাশ থেকে চাপ, অস্থিরতা আর সীমাহীন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া।
শিগেরু ইশিবার পদত্যাগের পর সবার নজর এখন টোকিওতে—কে হবেন জাপানের নতুন নেতা, আর তিনি কি পারবেন স্বল্পমেয়াদী প্রধানমন্ত্রীর এই অভিশপ্ত চক্র ভাঙতে?

