আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত শত শত গ্রামে এখনো পৌঁছাতে পারেনি জাতিসংঘ। আগস্টের শেষ দিকে আঘাত হানা ৬ মাত্রার এই ভূমিকম্পে অন্তত ২ হাজার ২০০ মানুষ প্রাণ হারান। প্রায় মাটির সঙ্গে মিশে গেছে অসংখ্য গ্রাম।
সোমবার জালালাবাদ থেকে এক সংবাদ ব্রিফিংয়ে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয়ের কর্মকর্তা শ্যানন ও’হারা জানান, ভূমিকম্পটি দেশের সবচেয়ে প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে আঘাত হেনেছে। সেখানে পৌঁছানো অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।
প্রাথমিক জরিপে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত ৪১১টি গ্রামের মধ্যে মাত্র ৪৯টির তথ্য সংগ্রহ করা গেছে। ওই গ্রামগুলোতে ৫ হাজার ২৩০টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৬৭২টি।
ও’হারা বলেন, ভূমিকম্পের আগেও এসব গ্রামে পৌঁছানো কঠিন ছিল। এখন সেখানে পৌঁছাতে আরও কঠিন পরিশ্রম করতে হচ্ছে। জালালাবাদে পৌঁছাতে তাদের দলের ৬ ঘণ্টার বেশি সময় লেগেছে। বহু গ্রামে পৌঁছাতে গাড়িতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঘণ্টার পর ঘণ্টা হেঁটেও যেতে হয়েছে।
জাতিসংঘের হিসাবে, এ ভূমিকম্পে প্রায় ৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের মধ্যে আড়াই লাখ শিশু। আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলের বহু গ্রাম এখন সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত।
ও’হারা আরও জানান, ভূমিকম্পকেন্দ্রের পথে তারা দেখেছেন পরিবারগুলো বাস্তুহারা হয়ে কেবল যা হাতে পেয়েছে তা নিয়েই হেঁটে যাচ্ছেন। অনেকে এখনো ভূমিকম্পের রাতের পোশাক পরে আছেন, কারও গায়ে সদ্য বাঁধা ব্যান্ডেজ।
তিনি সতর্ক করে বলেন, শীত দ্রুত আসছে। অক্টোবরের শেষ দিকে বরফ পড়া শুরু হলে এসব পার্বত্য অঞ্চলের পথে প্রবেশ পুরোপুরি বন্ধ হয়ে যাবে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে।

