কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবারের এ ঘটনায় হতাহতের খবর না মিললেও বিষয়টি মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা তৈরি করেছে। কাতার এ হামলাকে ‘কাপুরুষোচিত’ ও ‘আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন’ বলে নিন্দা জানিয়েছে।
রয়টার্সকে দেওয়া সাক্ষ্যে হামাসের দুই সূত্র জানিয়েছে, হামলার সময় সংগঠনের নেতারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত সর্বশেষ যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছিলেন। বৈঠকে নির্বাসিত গাজা প্রধান ও আলোচক খালিদ আল-হাইয়্যা উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। লেগতিফিয়া পেট্রলস্টেশনের ওপর কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। পাশের আবাসিক এলাকাতেও বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই মহল্লাটি ২০২৩ সালে গাজায় ইসরায়েলি আগ্রাসনের পর থেকেই কাতারের আমিরের গার্ডের নিরাপত্তায় ছিল। বিস্ফোরণের প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলে অন্তত ১৫টি পুলিশ ও সরকারি গাড়ি অবস্থান নেয়। তবে হামলার সঠিক সময় নিশ্চিত হওয়া যায়নি।
মিডলইস্ট আই জানিয়েছে, অন্তত ১২টি বিমান হামলা হয়েছে। হামলার পর কাতারার ডিস্ট্রিক্ট থেকেও ধোঁয়া উঠতে দেখা গেছে।
মধ্যপ্রাচ্যের নতুন অস্থিরতা
গত ২৪ ঘণ্টায় গাজা ও পশ্চিম তীর ছাড়াও লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, ইয়েমেন এবং কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল। বিশ্লেষকদের মতে, উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলভুক্ত (জিসিসি) কোনো দেশে এটাই প্রথম হামলা। এখন পর্যন্ত সৌদি আরব, ইউএই, কুয়েত, ওমান বা বাহরাইনে ইসরায়েল হামলা চালায়নি। ফলে দোহায় এ আক্রমণকে নজিরবিহীন মনে করছেন বিশেষজ্ঞরা।
কাতারে যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটি অবস্থিত। সেখানে আট হাজারের বেশি মার্কিন সেনা সদস্য মোতায়েন আছেন। হামলার আগে যুক্তরাষ্ট্রকে অবহিত করা হয়েছিল কি না, তা নিয়ে বিতর্ক রয়েছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, আগে থেকেই তাদের জানানো হয়েছিল। ইসরায়েলের চ্যানেল ১২-ও একই দাবি করেছে। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, “আমরা স্বাধীনভাবে কাতারে হামলা চালিয়েছি। আমি নিজে এ নির্দেশ দিয়েছি।”
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, “এটি কাতারের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের জঘন্য লঙ্ঘন।” সৌদি আরব, কুয়েত, জর্ডান, মিসর, ইরান, তুরস্ক, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং মালদ্বীপসহ একাধিক দেশ কাতারে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে।
ইসরায়েলের দুই বছরের যুদ্ধে এখন পর্যন্ত ৬৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাঁদের ৮৩ শতাংশই সাধারণ মানুষ। উপত্যকার বেশিরভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মিসর ও কাতার শুরু থেকেই যুদ্ধবিরতির মধ্যস্থতা করছিল। হামাসের রাজনৈতিক কার্যালয় ২০০৭ সাল থেকে দোহায় ছিল। শীর্ষ নেতা ইসমাইল হানিয়া দীর্ঘদিন সেখানে ছিলেন। তাঁকে ২০২৪ সালের ৩১ জুলাই তেহরানে হত্যা করে ইসরায়েল।

