মালয়েশিয়ার দেওয়ান নেগারা সংসদে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গিগ ওয়ার্কার্স বিল (প্ল্যাটফর্মভিত্তিক কাজ) ২০২৫ পাস হয়েছে। ১৮ জন সিনেটরের উপস্থিতিতে দীর্ঘ বিতর্কের পর বিলটি অনুমোদিত হয়েছে। এটি ই-হেলিং ও পি-হেলিং সেক্টরের কর্মীদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম জানিয়েছেন, বিলটি বিদ্যমান আইনের দুর্বলতা কাটিয়ে নতুন ব্যবস্থা চালু করবে। এতে স্বয়ংক্রিয় কর্তন ব্যবস্থার মাধ্যমে কর্মীদের আয়ের ১.২৫% সামাজিক নিরাপত্তা সংস্থায় জমা হবে। উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘প্রতিটি অর্জিত আরএম-১ এর জন্য মাত্র এক সেন কেটে নেওয়া হবে।’
বিলের সঙ্গে বর্তমান প্রিপেইড মডেল বাদ দিয়ে পোস্টপেইড মডেল চালু হচ্ছে। ফলে কর্মীরা অগ্রিম অর্থ না দিয়েও সামাজিক সুরক্ষা পাবেন। এর ফলে পূর্বে বছরে এককালীন আরএম ১৫৭.২০ থেকে ৫৯২.৮০ পর্যন্ত অর্থ দেওয়ার পরিবর্তে আরও সুবিধাজনক কভারেজ নিশ্চিত হবে।
বিলে মোট ১০টি অংশে ১১২টি ধারা রয়েছে। এর মধ্যে চারটি মূল দিক হলো—গিগ কর্মীদের সংজ্ঞা নির্ধারণ, আয় ও কাজের পরিবেশ নিয়ে সিদ্ধান্তের জন্য ত্রিপক্ষীয় কাউন্সিল গঠন, বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা এবং সামাজিক নিরাপত্তা সুরক্ষা নিশ্চিতকরণ।
বিল নিয়ে ভিন্নমতও প্রকাশিত হয়েছে। জাতীয় সাংবাদিক ইউনিয়ন (NUJ) বিলটি স্বাগত জানালেও একটি সংসদীয় নির্বাচন কমিটি গঠনের দাবি জানিয়েছে, যাতে আরও বিস্তারিত পর্যালোচনা করা যায়। সংগঠনের সাধারণ সম্পাদক তেহ আথিরা ইউসুফ বলেন, ‘বৈষম্য ও অন্যায্য বরখাস্ত প্রতিরোধের মতো ধারা প্রশংসনীয়, তবে বাস্তবায়নের আগে গভীর যাচাই প্রয়োজন।’
অন্যদিকে, মালয়েশিয়ান ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (MTUC)-এর সভাপতি হালিম মানসোর বিলের প্রতি সমর্থন জানিয়েছেন। যদিও পূর্বে সংস্থার মহাসচিব কামারুল বাহারিন আইনটির বিপক্ষে ছিলেন।
মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশি গিগ কর্মীরাও মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। কুয়ালালামপুরে ই-হেলিং সেবায় কর্মরত ফেনীর আবদুল করিম বলেন, ‘আগে দুর্ঘটনা বা অসুস্থ হলে কোনো সুরক্ষা ছিল না। এখন অন্তত সরকারিভাবে কিছু নিশ্চয়তা আছে।’
সেলাঙ্গরে পি-হেলিং ডেলিভারিতে নিয়োজিত যশোরের রাশেদুল ইসলাম বলেন, ‘আয়ের অল্প অংশ কর্তন হলেও ভবিষ্যতে এর সুফল মিলবে। এটি দীর্ঘমেয়াদে উপকারী।’ তবে সবাই সমানভাবে আশ্বস্ত নন। গোম্বার কুমিল্লার শহিদুল হক জানান, ‘কোম্পানিগুলো অনেক সময় অজুহাতে বেশি কর্তন করে। বিলের প্রয়োগ সঠিকভাবে হলে ভালো, নাহলে সমস্যা হবে।’
অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ফাহিম হোসেন মনে করেন, এই বিল শ্রমবাজারকে আরও আনুষ্ঠানিক করবে। তিনি বলেন, ‘গিগ অর্থনীতি মালয়েশিয়ার কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ। সঠিক বাস্তবায়ন হলে প্রবাসীসহ সকল কর্মী নিরাপত্তা পাবেন, যা দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।’
শ্রমবাজার বিশ্লেষক ড. নূরাইজা ইউসুফ বলেন, ‘গিগ কর্মীরা অনিশ্চয়তায় ছিলেন। আয়ের একটি অংশ কর্তন হলেও এটি মূলত একটি বিনিয়োগ—যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্য ও দুর্ঘটনা ঝুঁকি মোকাবিলায় কার্যকর হবে।’
অভিবাসন বিশেষজ্ঞ অধ্যাপক আবদুল্লাহ আল মামুনের মতে, ‘বাংলাদেশি ও অন্যান্য প্রবাসী শ্রমিকরা গিগ সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আইনের ফলে তাদের ন্যায্যতা ও সুরক্ষা নিশ্চিত হলে তারা আরও আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে পারবেন, যা উভয় দেশকেই উপকৃত করবে।’
সিনেটে পাস হওয়া এই বিল মালয়েশিয়ার লাখো স্থানীয় ও প্রবাসী গিগ কর্মীর জন্য নতুন সুরক্ষা বলয় তৈরি করেছে। তবে বাস্তবে এর সুফল কর্মীদের হাতে পৌঁছাতে কার্যকর বাস্তবায়ন, স্বচ্ছতা এবং কোম্পানিগুলোর সহযোগিতা অপরিহার্য।

