এনডিএ প্রার্থী এবং মহারাষ্ট্রের রাজ্যপাল সি.পি. রাধাকৃষ্ণন ভারতের নতুন উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তিনি বিরোধী জোট ইন্ডিয়া ব্লকের প্রার্থী বি. সুদর্শন রেড্ডিকে পরাজিত করেছেন। রাধাকৃষ্ণন পেয়েছেন ৪৫২টি ভোট। আর প্রতিদ্বন্দী সুদর্শন রেড্ডি পেয়েছেন ৩০০টি ভোট। খবরটি জানিয়েছে বিবিসি।
মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৭৮১ সদস্যবিশিষ্ট ইলেকটোরাল কলেজে, যেখানে সংসদের উভয় কক্ষের সদস্যরা ভোট দেন, ভোট দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়।
উপ-রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মোট ৭৮৮ জন সংসদ সদস্য ভোট দেওয়ার অধিকার রাখেন। এনডিএ-র দখলে ছিল ৪৩৯টি ভোট। ওয়াইএসআর কংগ্রেসের সমর্থন যোগ হওয়ায় রাধাকৃষ্ণনের জয় নিশ্চিত হয়ে যায়। অন্যদিকে, সুদর্শন রেড্ডি ইন্ডিয়া ব্লক ছাড়াও আপের সমর্থন পেয়েছিলেন।
উপ-রাষ্ট্রপতি হিসেবে রাধাকৃষ্ণন রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া রাষ্ট্রপতির অনুপস্থিতিতে বা পদ শূন্য থাকলে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন। এই নির্বাচন ভারতীয় সংবিধানের ৬৪ ও ৬৮ অনুচ্ছেদ অনুযায়ী পরিচালিত হয়েছে।
বিরোধী প্রার্থী বি. সুদর্শন রেড্ডি এক বিবৃতিতে বলেছেন, ‘আমি এই ফলাফল বিনম্রভাবে মেনে নিচ্ছি। গণতন্ত্রের প্রতি আমার অটল বিশ্বাস রয়েছে। এটা শুধু একটি নির্বাচন নয়, এটি ছিল সংবিধান, ন্যায়বিচার এবং মানুষের মর্যাদার লড়াই। আমি বিরোধী দলগুলোকে কৃতজ্ঞতা জানাই, যারা আমাকে সম্মিলিত প্রার্থী হিসেবে নির্বাচিত করেছিল।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন উপ-রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন।

