সোমবারের জেরুজালেম বাস হামলার সঙ্গে সরাসরি সম্পর্ক না থাকলেও, ইসরায়েলের সাম্প্রতিক হামলাগুলো বহুদিনের পরিকল্পনার অংশ ছিল।
সেদিন সকালে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইস্রায়েল ক্যাটজ সাংবাদিকদের সামনে এক অস্বাভাবিক সতর্কবার্তা দেন। তিনি বলেন, “আজ গাজার আকাশে ভয়ঙ্কর ঝড় বইবে, সন্ত্রাসীদের টাওয়ার কেঁপে উঠবে। হত্যাকারী ও ধর্ষক হামাস সদস্যরা—গাজায় কিংবা বিদেশের বিলাসবহুল হোটেলে যারা আছে—তারা বন্দিদের মুক্তি দিক, অস্ত্র ফেলে দিক। নতুবা গাজা ধ্বংস হয়ে যাবে, আর তারা নিশ্চিহ্ন হবে।”
প্রায় ২৪ ঘণ্টার মধ্যে সেই হুমকি বাস্তবে রূপ নেয়। ইসরায়েলের নির্ভুল ক্ষেপণাস্ত্র দোহার উত্তরের উপকূলীয় এলাকায়, দূতাবাসঘেরা একটি বালুরঙা ভবনে আঘাত হানে। সেখানে তখন হামাসের শীর্ষ নেতৃত্ব বসেছিল শান্তি চুক্তির আলোচনায়।
কাতারি ও ইসরায়েলি সূত্র বলছে, তারা আলোচনায় বসেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শান্তি প্রস্তাব নিয়ে প্রতিক্রিয়া তৈরি করতে। ওই প্রস্তাবে সব বন্দি মুক্তির শর্তও ছিল।
গত কয়েক বছরে কাতারকে মধ্যপ্রাচ্যের নিরপেক্ষ মঞ্চ বা “সুইজারল্যান্ড” বলা হয়, যদিও সেখানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। এখানেই তালেবানরা ২০২০ সালে ট্রাম্পের মধ্যস্থতায় আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের চুক্তি করেছিল। তাই হামাস নেতৃত্বের এখানে বৈঠকে বসা ছিল অস্বাভাবিক নয়।
কিন্তু সেই বৈঠকই ইসরায়েলের আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে ওঠে। হামাস জানায়, হামলায় তাদের মাত্র পাঁচজন নিহত হয়েছে, গুরুত্বপূর্ণ নেতারা রক্ষা পেয়েছেন। নিহতদের মধ্যে ছিলেন গাজায় হামাসের শীর্ষ নেতা খলিল আল-হায়্যার ছেলে হিমাম আল-হায়্যা, তার অফিস পরিচালক ও আরও তিনজন সহযোগী। ভবনটি পুরোপুরি ধ্বংস হয়নি, তবে গুরুতর ক্ষতি হয়েছে। কাতারি কর্তৃপক্ষ ভবনটিকে হামাসের “আবাসিক সদর দফতর” বলে নিশ্চিত করেছে।
দ্য টেলিগ্রাফের তথ্যে জানা যায়, এই অভিযানে ১৫টি ইসরায়েলি যুদ্ধবিমান অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। পুরো অভিযানের নিয়ন্ত্রণ ছিল শিন বেটের বিশেষ অপারেশন সদর দফতরে, আর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতান্যাহু নিজে তা পর্যবেক্ষণ করেন।
প্রথমে খবর বেরোয় যে আলোচক দলের প্রধান খলিল আল-হায়্যা নিহত হয়েছেন। পরে জানা যায়, তিনি বেঁচে গেছেন। এতে কাতার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। তারা হামলাকে “কপট” ও “আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন” বলে আখ্যা দিয়েছে। এমনকি কাতারের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত ও কয়েকজন আহত হন।
ইসরায়েল অবশ্য জানিয়েছে, এই অভিযান পুরোপুরি তাদের নিজস্ব সিদ্ধান্তে হয়েছে, যুক্তরাষ্ট্র কোনো ভূমিকা রাখেনি। যদিও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্বীকার করেছেন, হামলার আগে তাকে জানানো হয়েছিল। তিনি মন্তব্য করেন, “একতরফাভাবে কাতারে বোমা বর্ষণ করা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের লক্ষ্য পূরণে সাহায্য করবে না।”
হামাসও শান্তি আলোচনায় আগ্রহ দেখিয়েছিল। তারা আগের দিন জানিয়েছিল, “আমরা মার্কিন মধ্যস্থতাকারীদের কাছ থেকে কিছু প্রস্তাব পেয়েছি। এগুলোকে পূর্ণাঙ্গ চুক্তিতে রূপ দেওয়ার চেষ্টা চলছে।” সোমবার খলিল আল-হায়্যা কাতারের প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আবদুলরহমানের সঙ্গে সরাসরি বৈঠকও করেন। এই শেখ গাজার যুদ্ধ বন্ধে ভূমিকার জন্য নোবেল শান্তি পুরস্কারের সম্ভাব্য প্রার্থী।
কিন্তু ইসরায়েলের হামলা সেই আলোচনার মাঝপথেই রক্তাক্ত সমাপ্তি টেনে দিল। ঘটনাটি প্রমাণ করল, মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া কতটা ভঙ্গুর—আর সামান্য সুযোগ পেলেই রাজনৈতিক ও সামরিক উত্তেজনা কীভাবে সবকিছু ধ্বংস করে দিতে পারে।

