মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া বাণিজ্য ও অভিবাসন নীতি একে একে ক্ষতিগ্রস্ত করছে সেই সম্পর্কগুলো, যেগুলো বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি ছিল। এশিয়ায় চীনের প্রভাব ঠেকাতে যেসব জোট গড়ে তোলা হয়েছিল, সেগুলো এখন ভেঙে পড়ার পথে।
দক্ষিণ কোরিয়ার ক্ষোভ
জর্জিয়ায় হুন্ডাই কারখানায় শত শত দক্ষিণ কোরীয় কর্মীকে হঠাৎ করে আটক করা হয় ভিসাজনিত অভিযোগে। অনেককে হাতকড়া ও শিকল দিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি পুরো দক্ষিণ কোরিয়ায় ক্ষোভ ছড়িয়েছে, বিশেষ করে মাত্র দুই সপ্তাহ আগেই প্রেসিডেন্ট লি জে মিয়ং হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছিলেন।
সিউলের জনমনে এখন প্রশ্ন—যুক্তরাষ্ট্র কি সত্যিই বিশ্বস্ত মিত্র? প্রফেসর বং ইয়ংশিক বলছেন, “এটি শুধু একক কোনো ঘটনা নয়। শুল্ক বাড়ানো ও কঠোর নীতির কারণে দক্ষিণ কোরীয়রা মনে করছে আমেরিকা তাদের ‘বুলি’ করছে।”
ভারতের সঙ্গে দূরত্ব
ট্রাম্প ও নরেন্দ্র মোদীর প্রথম দফায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু রাশিয়া থেকে তেল আমদানির কারণে এবার ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর শুল্ক বসিয়েছেন। এতে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন বেড়েছে।
এরই মধ্যে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন ট্রাম্প। আর ভারতের প্রধানমন্ত্রী মোদীকে সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর পাশে দাঁড়িয়ে ছবি তোলা দেখা গেছে। সেই ছবি নিয়ে ট্রাম্প কটাক্ষ করে লিখেছেন—“মনে হচ্ছে আমরা ভারত ও রাশিয়াকে চীনের কাছে হারিয়ে ফেলেছি।”
ট্রাম্প দাবি করেছেন, “আমি সবসময় মোদীর বন্ধু থাকব।” মোদীও বলেছেন, দুই দেশের সম্পর্ক “ইতিবাচক”। তবু বিশ্লেষকরা মনে করেন, ট্রাম্পের একতরফা নীতি শুধু তার প্রেসিডেন্সি নয়—এর পরেও টিকে থাকতে পারে। এতে এশিয়ার দেশগুলোর মনে যুক্তরাষ্ট্র নিয়ে সন্দেহ থেকে যাবে।
কৌশলগত জোটের ঝুঁকি
ভারত, জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র মিলে গড়া ‘কোয়াড’ জোটকে চীনের বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখা হয়। কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হলে এই জোটও দুর্বল হয়ে পড়বে।
সাবেক মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি সতর্ক করে বলেছেন, “যদি ভারত ও আমেরিকা একসঙ্গে না থাকে, তবে এটি হবে এক ভয়াবহ নিঃসঙ্গ বিশ্ব।”
চীনের জন্য বাড়তি সুবিধা
যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিত্রদের সম্পর্ক দুর্বল হচ্ছে, তখন চীনের সঙ্গে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে। জ্যাক কুপার, একজন মার্কিন বিশ্লেষক, বলছেন—“আমেরিকার মিত্ররা এখন বিকল্প খুঁজছে। অনেকেই চীনের দিকে ঝুঁকছে।”
অর্থাৎ, যুক্তরাষ্ট্রের কঠোর নীতির কারণে তার দীর্ঘদিনের বন্ধুরা দূরে সরে যাচ্ছে, আর শূন্যস্থান পূরণ করছে চীন।

