পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা, ইসরায়েলের নৃশংসতার জবাবদিহিতা নিশ্চিত করা এবং ওই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।
বাংলাদেশে সফররত ফিলিস্তিনের প্রধান বিচারপতি ড. মাহমুদ সিদকি আল-হাব্বাশের সঙ্গে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রণালয় বুধবার (১১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বৈঠকে তৌহিদ হোসেন ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং ১৯৬৭ সালের আগের সীমানা অনুযায়ী দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি সমর্থন জানান।
ফিলিস্তিনের প্রধান বিচারপতি ড. আল-হাব্বাশ বাংলাদেশের নেতৃত্ব ও জনগণের স্থায়ী সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।
ড. আল-হাব্বাশ বাংলাদেশের প্রধান বিচারপতির আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে দেশ সফর করছেন।

