নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর দ্বিতীয় দিনেও দেশে সহিংসতা অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নেপালের সেনাবাহিনী সাধারণ মানুষ ও বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং ব্যক্তিগত ও সরকারি সম্পত্তি রক্ষার নির্দেশ দিয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, তারা মঙ্গলবার রাত ১০টা থেকে দেশের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করবে। তারা উল্লেখ করেছে, কিছু গোষ্ঠী বর্তমান অস্থিরতার সুযোগ নিয়ে সাধারণ মানুষ ও সরকারি স্থাপনায় ক্ষতি করছে। এমন পরিস্থিতিতে জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।
নেপালের সেনা প্রধান জেনারেল অশোক রাজ সিগদেল বিক্ষোভকারীদের সংলাপে অংশ নেওয়ার জন্য অনুরোধ করেছেন। জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে তিনি বলেন, “বিক্ষোভকারী গোষ্ঠীর কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, বিক্ষোভ স্থগিত করে শান্তিপূর্ণ সমাধানের জন্য সংলাপে এগিয়ে আসুন।”
সেনাপ্রধান আরও বলেন, “বর্তমান কঠিন পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। আমাদের ঐতিহাসিক ও জাতীয় ঐতিহ্য, জনসাধারণের এবং ব্যক্তিগত সম্পত্তি রক্ষা করতে হবে। সাধারণ জনগণ ও কূটনৈতিক মিশনের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।”
কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, জেনারেল সিগদেলই ওলিকে পদত্যাগের পরামর্শ দিয়েছিলেন।
জেনারেল অশোক রাজ সিগদেল ১ ফেব্রুয়ারি ১৯৬৭ সালে রুপন্দেহিতে জন্মগ্রহণ করেন। ১৯৮৬ সালে তিনি নেপালের সেনাবাহিনীতে যোগ দেন এবং ১৯৮৭ সালে কমিশন পান। তিনি চীনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে স্ট্র্যাটেজিক স্টাডিজে মাস্টার্স করেছেন এবং ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেছেন। সিগদেল নেপাল, চীন ও ভারতে প্রশিক্ষণ নিয়েছেন এবং ভারতের ডিফেন্স ম্যানেজমেন্ট কোর্সও সম্পন্ন করেছেন।
তিনি ইন্সপেক্টর জেনারেল ও মিলিটারি অপারেশনসের পরিচালকসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ব্যাটালিয়ন, ব্রিগেড ও ডিভিশনের কমান্ডার হিসেবেও কাজ করেছেন। জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে তিনি যুগোস্লাভিয়া, তাজিকিস্তান এবং লাইবেরিয়ায় দায়িত্ব পালন করেছেন।
সিগদেল ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর প্রেসিডেন্ট রাম চন্দ্র পাওডেলের নেতৃত্বে নেপালের সেনাবাহিনীর ৪৫তম চিফ অব আর্মি স্টাফ হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। পরে, ডিসেম্বর ২০২৪ সালে ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর আনুষ্ঠানিক সফরের সময় তাকে ভারতীয় সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদক প্রদান করা হয়।
নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পরও মঙ্গলবার দেশটির বিভিন্ন অঞ্চলে সহিংসতা চলছেই। আন্দোলনকারীদের মধ্যে পদত্যাগের কোনো প্রভাব দেখা যায়নি। তারা নেপালের সংসদ, রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর বাসভবন, সুপ্রিম কোর্ট, রাজনৈতিক দলের কার্যালয় এবং উচ্চ পদস্থ নেতাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
সোমবার দুর্নীতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের উপর সরকারি নিষেধাজ্ঞার বিরুদ্ধে জেন-জি বা তরুণ প্রজন্মের বিক্ষোভ চলাকালে পুলিশের হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হন। এই ঘটনার পর আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। বিক্ষোভকারীরা তখন তৎকালীন প্রধানমন্ত্রী ওলির কার্যালয়ে প্রবেশ করলে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

