কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত ফোনালাপ হয়েছে। হামলাটি নিয়ে কাতার আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ তুলে আঞ্চলিক প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মার্কিন গণমাধ্যম ও বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ট্রাম্প ফোনালাপে নেতানিয়াহুর প্রতি তাঁর “তীব্র হতাশা” প্রকাশ করেছেন। তিনি বলেন, দোহায় হামাসের রাজনৈতিক নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা “অবিবেচনাপ্রসূত” পদক্ষেপ ছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ক্ষোভ প্রকাশ করে জানান, ইসরায়েল আগে থেকে কিছু না জানিয়ে এ হামলা চালিয়েছে, যা এমন এক মিত্র দেশের ভূখণ্ডে হয়েছে, যারা গাজা যুদ্ধ বন্ধে মধ্যস্থতার চেষ্টা করছে।
নেতানিয়াহু জবাবে বলেন, হামলার সুযোগ খুব সীমিত সময়ের জন্য ছিল, তাই সেটি কাজে লাগানো হয়েছে। পরে দুই নেতার মধ্যে আরেক দফা ফোনালাপ হয়, যা তুলনামূলকভাবে শান্তিপূর্ণ ছিল। এতে ট্রাম্প জানতে চান হামলা সফল হয়েছে কিনা, তবে নেতানিয়াহু নিশ্চিত উত্তর দিতে পারেননি। হামাস দাবি করেছে, তাদের শীর্ষ নেতৃত্ব বেঁচে গেছে, যদিও সংগঠনের পাঁচ সদস্য ও এক কাতারি নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল আরো জানায়, ট্রাম্প ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হলেও নেতানিয়াহুর একতরফা আগ্রাসী পদক্ষেপে বিরক্ত হচ্ছেন, কারণ এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির সঙ্গে সাংঘর্ষিক।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা “হামাসের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা” চালিয়েছে। অন্যদিকে কাতার এ হামলাকে “কাপুরুষোচিত” এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে। কাতার সতর্ক করে জানিয়েছে, ইসরায়েলের “বেপরোয়া আচরণ” আর সহ্য করা হবে না।
গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬৪ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা সংকট নিরসনে কাতার যুক্তরাষ্ট্র ও মিসরের সঙ্গে মধ্যস্থতার ভূমিকা পালন করে আসছে।
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল–থানি সিএনএনকে জানান, ইসরায়েলের দোহা হামলার জবাবে আঞ্চলিক প্রতিক্রিয়ার প্রস্তুতি চলছে। তিনি বলেন, “এই অঞ্চল থেকে অবশ্যই প্রতিক্রিয়া আসবে। এটি বর্তমানে মিত্র দেশগুলোর সঙ্গে পরামর্শ ও আলোচনার পর্যায়ে আছে।”

