নেপালে সহিংস বিক্ষোভে সরকারের পতনের পর জেনারেশন জি’র তরুণরা সংবিধান পুনর্লিখনসহ বড় ধরনের রাজনৈতিক ও সামাজিক সংস্কারের দাবি তুলেছে। তাদের দাবির মধ্যে রয়েছে সরাসরি নির্বাহী নেতৃত্ব প্রতিষ্ঠা, গত তিন দশকে রাজনীতিকদের অবৈধ সম্পদ লুটের তদন্ত, সামাজিক বৈষম্য দূরীকরণ এবং বেকারত্ব মোকাবিলায় বিশেষ কর্মসূচি।
বুধবার (১০ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকারকে পতন ঘটানোর পর এক বিবৃতিতে ঘোষণা দেন, বিক্ষোভে নিহতদের “রাষ্ট্রীয়ভাবে শহীদ” ঘোষণা করতে হবে এবং তাদের পরিবারকে সম্মান ও সহায়তা দিতে হবে।
তারা স্পষ্ট করে বলেন, এই আন্দোলন কোনো ব্যক্তি বা দলের জন্য নয়, বরং পুরো প্রজন্ম ও দেশের ভবিষ্যতের জন্য। শান্তি প্রতিষ্ঠা জরুরি হলেও তা কেবল নতুন রাজনৈতিক ব্যবস্থার ভিত্তিতে সম্ভব বলে দাবি জানানো হয়েছে।
বিক্ষোভকারীরা রাষ্ট্রপতি ও সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তাদের প্রস্তাব ইতিবাচকভাবে বাস্তবায়ন করতে।
তাদের প্রধান দাবিগুলো হলো:
- জনগণের আস্থা হারানো বর্তমান প্রতিনিধি পরিষদ ভেঙে দেওয়া এবং জনগণ, বিশেষজ্ঞ ও তরুণদের অংশগ্রহণে সংবিধান সংশোধন বা পুনর্লিখন।
- অন্তর্বর্তীকাল শেষে স্বাধীন, সুষ্ঠু ও সরাসরি জনঅংশগ্রহণভিত্তিক নির্বাচন।
- সরাসরি নির্বাচিত নির্বাহী নেতৃত্ব প্রতিষ্ঠা।
- গত তিন দশকের লুট হওয়া সম্পদের তদন্ত এবং অবৈধ সম্পদ রাষ্ট্রীয়করণ।
- শিক্ষা, স্বাস্থ্য, বিচার, নিরাপত্তা ও যোগাযোগ খাতে কাঠামোগত সংস্কার।
সরকার পতনের পরও পরিস্থিতি অস্থিতিশীল রয়েছে। সহিংস বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনে আগুন ধরিয়ে দেয়। সেনাবাহিনী রাতেই দেশব্যাপী নিরাপত্তা নিয়ন্ত্রণে নেয় এবং কাঠমান্ডু, ললিতপুর, ভক্তপুরসহ বিভিন্ন স্থানে চলাচলে নিষেধাজ্ঞা জারি করে।
এক বিবৃতিতে সেনাবাহিনী সতর্ক করেছে, অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু গোষ্ঠী সাধারণ মানুষের ক্ষতি করছে এবং সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি করছে।
এর আগে সোমবার জেনারেশন জি নেতৃত্বাধীন বিক্ষোভে অন্তত ২২ জন নিহত হওয়ার ঘটনায় ব্যাপক জনরোষ তৈরি হয়। শত শত মানুষ প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করলে প্রধানমন্ত্রী ওলি পদত্যাগ করে দেশত্যাগ করেন। বুধবার ভোরে সেনাবাহিনী বিভিন্ন শহরে মোতায়েন হয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নেয়।

