হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম বুধবার (১০ সেপ্টেম্বর) মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে এক টেলিভিশন ভাষণে বলেছেন, প্রতিরোধ বাহিনী কখনোই আত্মসমর্পণ করবে না বা ইসরাইলি আগ্রাসনের সামনে নত হবে না।
ভাষণে তিনি বলেন, লেবাননের মূল লক্ষ্য হলো সব লেবানিজ নাগরিকের জন্য একটি ঐক্যবদ্ধ জাতি গঠন। তিনি আরও উল্লেখ করেন, হিজবুল্লাহ লেবানন ও তার ভূখণ্ড রক্ষার জন্য তাদের নেতাদের বলিদান দিয়েছেন এবং ইসরাইলের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের লক্ষ্য অর্জনে বাধা দিচ্ছে।
শেখ কাসেম লেবানন সরকারের প্রতি আহ্বান জানান, ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চায় ইসরাইল লেবাননকে নিয়ন্ত্রণ করুক এবং লেবাননের কোনো সামরিক শক্তি না থাকুক। হিজবুল্লাহ প্রধান জোর দিয়ে বলেন, এই পরিস্থিতিতে লেবাননের জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি এবং হিজবুল্লাহ কোনো মূল্যে আত্মসমর্পণ করবে না।
তিনি আরও জানান, ইসরাইলি আগ্রাসন বন্ধ করতে সব রাজনৈতিক দলের সঙ্গে সহযোগিতার জন্য হিজবুল্লাহ প্রস্তুত।
এছাড়া কাসেম মঙ্গলবার কাতারের দোহায় ইসরায়েলি বিমান হামলার প্রসঙ্গ তুলে সতর্কবার্তা দিয়েছেন যে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত হতে পারে পরবর্তী লক্ষ্য। তিনি বলেন, “গ্রেটার ইসরাইল” পরিকল্পনার অংশ হিসেবে একদিন তেল আবিব সৌদি আরব এবং ইউএই-তেও হামলা করতে পারে। নাঈম কাসেমের দাবি, “ইসরাইলকে এখন পর্যন্ত প্রতিরোধই থামিয়ে রেখেছে।”

