ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। অভ্যুত্থান ও গণতান্ত্রিক শাসন উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হন। স্থানীয় সময় বৃহস্পতিবার এ রায় ঘোষণা করা হয়।
সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির মধ্যে চারজন তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে বলে মত দেন। তবে একজন বিচারপতি খালাসের পক্ষে অবস্থান নেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বামপন্থী প্রার্থী লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজয় ঠেকাতে ষড়যন্ত্রের নেতৃত্ব দেন বলসোনারো। তার বিরুদ্ধে আনা পাঁচটি গুরুতর অভিযোগেই তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। অভিযোগগুলো হলো—
- সশস্ত্র অপরাধমূলক ষড়যন্ত্র
- গণতান্ত্রিক শাসনব্যবস্থা ধ্বংসের চেষ্টা
- অভ্যুত্থানের ষড়যন্ত্র
- সরকারি সম্পত্তি ধ্বংস
- সংরক্ষিত জাতীয় ঐতিহ্যবাহী স্থানে ক্ষতি
২০২৩ সালের ১ জানুয়ারি শান্তিপূর্ণভাবে লুলা দা সিলভা প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। তবে এক সপ্তাহের মাথায়, ৮ জানুয়ারি হাজার হাজার বলসোনারো সমর্থক রাজধানী ব্রাসিলিয়ায় সহিংসতা চালায়। তারা কংগ্রেস, সুপ্রিম কোর্ট ও প্রেসিডেন্ট ভবনসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় হামলা ও ভাঙচুর করে। দ্রুত অভিযানে নিরাপত্তা বাহিনী প্রায় দেড় হাজার মানুষকে গ্রেফতার করে।
জাইর বলসোনারো একজন সাবেক সেনা কর্মকর্তা। তিনি ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি গৃহবন্দী আছেন। সব অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেছেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন তিনি।

