কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সুযোগ নেই এবং ফিলিস্তিনি ভূখণ্ড তাদের দখলেই থাকবে বলে ঘোষণা করেছেন- ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার তিনি অধিকৃত পশ্চিম তীরে নতুন একটি বসতি স্থাপন প্রকল্প অনুমোদন দেন, যা বাস্তবায়িত হলে ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সব সম্ভাবনা কার্যত বন্ধ হয়ে যাবে বলে বিশ্লেষকদের আশঙ্কা।
নেতানিয়াহু পশ্চিম তীরের মা’লে আদুমিম বসতিতে এক অনুষ্ঠানে বলেন, “আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করছি— কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না। এই জায়গা আমাদের।” তিনি আরো জানান, ওই এলাকার জনসংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে।
এই বসতি স্থাপন প্রকল্পটি “ইস্ট ১” বা “ই-ওয়ান” নামে পরিচিত, যেখানে প্রায় ১২ বর্গকিলোমিটার জমির ওপর ৩ হাজার ৪০০ নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে পশ্চিম তীরের একটি বড় অংশ পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং ইসরায়েলি বসতিগুলোর মধ্যে সরাসরি সংযোগ স্থাপিত হবে।
পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখে আসছে ফিলিস্তিনিরা। তবে ১৯৬৭ সালের পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনকে আন্তর্জাতিক আইন অবৈধ ঘোষণা করেছে।
এ বিষয়ে আল জাজিরার প্রতিবেদক হামদাহ সালহুত বলেছেন, এই সম্প্রসারণ পরিকল্পনা পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের ভৌগোলিক সংযোগ ধ্বংস করবে এবং ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে যাবে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদেইনাহ বলেছেন, “পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই শান্তির মূল চাবিকাঠি।”
তিনি বসতিগুলোকে আন্তর্জাতিক আইনবিরোধী আখ্যা দিয়ে ইসরায়েলি সরকারের সমালোচনা করেছেন এবং বিশ্ব সম্প্রদায়কে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। বর্তমানে জাতিসংঘের ১৪৯টি সদস্য দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।
নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ার বিরোধী এবং অসলো চুক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছেন। তিনি ক্ষমতায় থাকাকালে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিরোধিতা অব্যাহত রেখেছেন।
ইসরায়েলের উগ্র ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচও সম্প্রতি বলেছেন, ই-ওয়ান প্রকল্প ফিলিস্তিনকে “মানচিত্র থেকে মুছে ফেলবে।”

