নেপালের সীমান্তে অস্থিরতার মধ্যে ভারত সতর্ক অবস্থান নিয়েছে। নেপালের রাজধানী ও বিভিন্ন অঞ্চলে চলমান পরিস্থিতি জটিল এবং অগ্নিগর্ভ। দেশটিতে জেল ভেঙে পালিয়ে যাওয়া বন্দিদের বড় অংশ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছে। ইতিমধ্যেই বিহার ও উত্তরপ্রদেশ সীমান্ত দিয়ে ৩০ জনকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী।
পশ্চিমবঙ্গের নেপাল সীমান্তেও সতর্কতা জারি করা হয়েছে। শিলিগুড়ি সংলগ্ন পানিট্যাঙ্কি সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। খড়িবাড়ি থানা ও আশপাশের এলাকায় পুলিশকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। মেচি নদীর ওপারে নেপাল এবং এপারে ভারত—মুক্ত সীমান্ত হওয়ায় ঝুঁকি বেশি। তাই নদীর দুই তীরে সীমান্তরক্ষীরা বিশেষ নজরদারি চালাচ্ছে।
দার্জিলিঙের পুলিশ সুপার জানান, “সকাল থেকে আটকে থাকা মানুষদের ফেরত পাঠানো হচ্ছে। সবার কাগজপত্র পরীক্ষা করে অনুমতি দেওয়া হচ্ছে। সাহায্যের জন্য হেল্পলাইনও খোলা হয়েছে।”
এদিকে নেপাল থেকে ফেরত আসা যাত্রীদের মধ্যে আতঙ্ক স্পষ্ট। কাটিহারের বাসিন্দা তাপস জোতদার বলেন, “ওখানে খাবারের সমস্যা, গ্যাস নেই। পরিবার নিয়ে কষ্টে আছি।”
সীমান্ত দিয়ে জরুরি পণ্যবাহী ট্রাক পারাপার শুরু হওয়ায় চালকদের মধ্যে স্বস্তি ফিরেছে। স্থানীয় প্রশাসন সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

