পোল্যান্ডে রাশিয়ার সামরিক ড্রোন অনুপ্রবেশ নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। ট্রাম্প বলেছেন, ঘটনাটি ভুলবশত হতে পারে। তবে টাস্ক একে রাশিয়ার ‘ইচ্ছাকৃত হামলা’ আখ্যা দিয়েছেন।
ন্যাটোর সদস্য দেশ পোল্যান্ড জানিয়েছে, গত বুধবার তাদের আকাশসীমায় প্রবেশ করা রাশিয়ার একাধিক ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে মস্কোর দাবি, ওই ড্রোনগুলো ইউক্রেনে হামলার জন্য ব্যবহৃত হচ্ছিল। ভুলক্রমে সেগুলো পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করে। পোল্যান্ডে হামলা চালানোর কোনো উদ্দেশ্য ছিল না বলে দাবি রাশিয়ার।
রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর তিন বছরে এটাই প্রথমবার পোল্যান্ডে রুশ ড্রোন ভূপাতিত হলো। ঘটনাটি ঘিরে ইউরোপের বিভিন্ন দেশের নেতারা তীব্র প্রতিক্রিয়া জানান এবং নতুন করে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার দাবি তোলেন। পোল্যান্ডের আহ্বানে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ বিষয়ে বৈঠক হওয়ার কথা।
ঘটনার পর বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, “এটি হয়তো ভুলবশত হয়েছে।” পরে টাস্ক এক্সে লিখেছেন, “আমরাও চাই এটি ভুলবশত হয়ে থাকুক। তবে এটি ভুলবশত হয়নি। আমরা তা জানি।”
পোল্যান্ডের প্রতিরক্ষাবিষয়ক উপমন্ত্রী চেজারি টমকজিক ট্রাম্পের মন্তব্যের জবাবে বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে স্পষ্ট বার্তা পৌঁছানো দরকার। এটি কোনো ভুল ছিল না বরং রাশিয়ার ইচ্ছাকৃত হামলা।”
ওয়ারশ বলছে, ড্রোন অনুপ্রবেশের মাধ্যমে রাশিয়া আসলে পোল্যান্ড ও ন্যাটোর সক্ষমতা যাচাইয়ের চেষ্টা করছে। এ ঘটনায় ন্যাটোর নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। ইউরোপের নেতাদের মতে, এটি স্পষ্ট করছে যে ইউক্রেন যুদ্ধ থামাতে মস্কোর কোনো আগ্রহ নেই।
ইতিমধ্যে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ফ্রান্স ঘোষণা দিয়েছে, পোল্যান্ডের আকাশসীমা সুরক্ষায় তারা তিনটি রাফাল যুদ্ধবিমান মোতায়েন করবে। জার্মানি জানিয়েছে, ন্যাটোর পূর্ব সীমান্ত রক্ষায় তারা আরও সক্রিয় ভূমিকা নেবে।

