নেপালের সংসদ ভেঙে দিয়ে আগামী বছরের ৫ মার্চ নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশে প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে এ সিদ্ধান্ত নেন।
এএফপি অনুসারে, বিষয়টি নিশ্চিত করেছেন প্রেসিডেন্টের প্রেস উপদেষ্টা কিরণ পোখরেল।
শুক্রবার রাতে শপথ নেওয়া সুশীলা কার্কি দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি ছয় মাস মেয়াদি একটি ছোট মন্ত্রিসভার নেতৃত্ব দেবেন, যার ম্যান্ডেট নতুন নির্বাচন আয়োজন। এর আগে প্রেসিডেন্ট, সেনাপ্রধান এবং জেন-জির বিক্ষোভকারীদের প্রতিনিধিদের আলোচনায় তার নিয়োগ চূড়ান্ত হয়।
গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে আন্দোলনে নামে নেপালের তরুণরা। সোমবার বিক্ষোভকারীরা পার্লামেন্টে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর গুলিতে অনেক শিক্ষার্থী নিহত হন। এরপর আন্দোলন তীব্র হলে মঙ্গলবার প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করে গা ঢাকা দেন। ওইদিন সাবেক প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বাসায় হামলা চালানো হয় এবং অর্থমন্ত্রীকে রাস্তায় মারধর করা হয়।
২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করা সুশীলা দুর্নীতিবিরোধী কঠোর অবস্থানের জন্য তরুণদের মধ্যে জনপ্রিয়। তিনি ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং অতীতে ভারত-নেপাল সম্পর্ক নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন।

