যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডিনার বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে নিউইয়র্ক সিটিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকোফও উপস্থিত ছিলেন।
রয়টার্স জানায়, ইসরায়েলের বিমান হামলার ঘটনায় আলোচনার জন্য কাতারের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে গেছেন। কাতারের ডেপুটি চিফ অব মিশন হামাহ আল-মুফতাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে অসাধারণ ডিনার।” হোয়াইট হাউস ট্রাম্প ও থানির ডিনার বৈঠক নিশ্চিত করলেও বিস্তারিত তথ্য দেয়নি।
গত সপ্তাহে ইসরায়েল কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালায়। হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে ছোড়া অন্তত ১২টি মিসাইলের আঘাতে ছয়জন নিহত হন, যার মধ্যে কাতারের সেনাবাহিনীর একজন সদস্য এবং পাঁচজন ফিলিস্তিনি নাগরিক ছিলেন। হামাস নেতারা তখন যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনায় ছিলেন।
দোহায় ইসরায়েলের এই হামলায় যুক্তরাষ্ট্র ক্ষোভ প্রকাশ করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প কাতারকে আশ্বস্ত করেছেন, ভবিষ্যতে এমন হামলা প্রতিহত করা হবে। কাতারকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র মনে করে। দেশটিতে আল উদেইদ নামে বিশ্বের সবচেয়ে বড় মার্কিন বিমানঘাঁটি রয়েছে। তবে হামলার সময় কাতারে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের মিসাইল ঠেকাতে ব্যর্থ হয়।
কাতারের প্রধানমন্ত্রী দোহায় ইসরায়েলের হামলার পর থেকেই যুক্তরাষ্ট্রে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

