রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় কামচাটকা উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শনিবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোরে ৭ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের তীব্রতায় মুহূর্তেই কেঁপে ওঠে পুরো অঞ্চল।
ভূমিকম্প গবেষণা প্রতিষ্ঠান জিএফজেড জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। তবে ইউএসজিএস বলছে, এর কেন্দ্রস্থল ভূপৃষ্ঠের প্রায় ৩৯ দশমিক ৫ কিলোমিটার গভীরে ছিল। মাত্রার হিসাবেও সামান্য পার্থক্য দেখা যায়—তাদের তথ্য অনুযায়ী, এটি ছিল ৭ দশমিক ৪ মাত্রার কম্পন।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র বলেছে, এই ভূমিকম্প থেকে সুনামির ঝুঁকি তৈরি হতে পারে। তাই সমুদ্রতীরবর্তী এলাকায় সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত বড় কোনো ঢেউ আছড়ে পড়ার খবর পাওয়া যায়নি।
এদিকে, ভূমিকম্পের পর দুশ্চিন্তায় পড়ে গেছে কাছাকাছি দেশগুলো। জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানায়, দেশটির আবহাওয়া অধিদপ্তর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যদিও জাপানে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি, তবে তারা নজরদারি জোরদার করেছে।
কামচাটকা উপদ্বীপ রাশিয়ার এক প্রত্যন্ত অঞ্চল, যেটি প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ নামে পরিচিত ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত। এখানে আগেও বহুবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পটি অগভীর হওয়ায় এর প্রভাব আশপাশের এলাকায় তীব্রভাবে অনুভূত হয়েছে।
তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে কিছুটা সময় লাগবে। জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং স্থানীয় প্রশাসন সম্ভাব্য বিপর্যয় মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, ভূমিকম্পের পরপরই বেশ কিছু আফটারশক বা মৃদু কম্পন দেখা দিতে পারে। এসব কম্পন অবকাঠামো দুর্বল করে দিতে পারে, যা নতুন করে ঝুঁকি বাড়াতে পারে।

