ভারতের কর্ণাটকে গণেশ বিসর্জনের সময় একটি দ্রুতগতির ট্রাক দুর্ঘটনা ঘটিয়ে অন্তত ৮ জনের মৃত্যু ঘটিয়েছে। আরো ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ট্রাকটি সজোরে মানুষদের উপর ধাক্কা দিচ্ছে।
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, শুক্রবার (১২ সেপ্টেম্বর) কর্ণাটকের হাসান বিভাগের মোসালেহোসাহাল্লি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর, তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, গ্রামবাসীরা চারলেনের মহাসড়কের এক পাশে দলবেধে গণেশ বিসর্জনের জন্য জড়ো ছিলেন। পুলিশ একপাশের রাস্তা বন্ধ রেখে অন্য পাশে যান চলাচল স্বাভাবিক রাখছিল। এ সময় রাত সাড়ে ৮টার দিকে একটি দ্রুতগতির ট্রাক সড়ক বিভাজকের ওপর দিয়ে এসে মানুষদের ধাক্কা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকের ড্রাইভার এক মোটরসাইকেল চালককে বাঁচাতে সড়ক বিভাজকে ধাক্কা দেন। এরপর ট্রাকটি ছিটকে গিয়ে অন্য পাশে থাকা মানুষদের ধাক্কা মারে। দুর্ঘটনা ঘটার মাত্র পাঁচ মিনিটের মধ্যে বিসর্জন শেষ হওয়ার কথা ছিল।
আহতদের দ্রুত ২০ কিলোমিটার দূরের হাসান মেডিকেল ইনস্টিটিউটে নেওয়া হয়। এ ঘটনায় পাঁচজন নিহত ছিলেন স্থানীয় একটি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী। বাকি তিনজনের মৃত্যু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হয়।
দুর্ঘটনায় অভিযুক্ত ট্রাক চালক ভুবনেশকে আটক করা হয়েছে। ট্রাকটি মহারাষ্ট্রে রেজিস্ট্রেশন করা। কর্ণাটক রাজ্য সরকার নিহতদের পরিবারকে প্রত্যেকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে।

