মিশরের সিনাই পর্বত, যা স্থানীয়ভাবে ‘জাবাল মুসা’ নামে পরিচিত, দীর্ঘদিন ধরে ধর্মীয় ও পর্যটনিকভাবে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত। এখানে বিশ্বাস করা হয়, হজরত মুসা (আ.) দশটি আদেশ লাভ করেছিলেন এবং বাইবেল ও কোরআনের বর্ণনা অনুযায়ী একটি জ্বলন্ত ঝোপ থেকে আল্লাহ নবীর সঙ্গে কথা বলেছেন।
প্রতি বছর ভোরবেলা পর্যটকরা বেদুইন গাইডদের হাত ধরে পাহাড়ের চূড়ায় উঠে সূর্যোদয় উপভোগ করেন, কিংবা বেদুইন নেতৃত্বাধীন হাইকিংয়ে অংশ নেন।
সিনাই পর্বতকে ঘিরে সম্প্রতি তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। মিশর সরকার নতুন পর্যটন মেগা-প্রকল্প শুরু করেছে, যা স্থানীয় পরিবেশ, ধর্মীয় গুরুত্ব এবং আদিবাসী বেদুইন সম্প্রদায়ের জীবনধারায় প্রভাব ফেলছে। বিলাসবহুল হোটেল, ভিলা, শপিং বাজার, ভিজিটর সেন্টার এবং কেবল কার নির্মাণসহ এক বিশাল প্রকল্পের জন্য স্থানীয় বনাঞ্চল এবং পূর্বপুরুষদের কবরস্থানকে পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে।

পর্বতের পাদদেশে রয়েছে ষষ্ঠ শতাব্দীর সেন্ট ক্যাথরিন মঠ, যা গ্রিক অর্থোডক্স চার্চের অধীনে পরিচালিত হয়। যদিও গুঞ্জনের মধ্যে মঠ বন্ধ করার পরিকল্পনা থাকলেও মিশরীয় কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। সন্ন্যাসীরা আপাতদৃষ্টিতে সেখানে অবস্থান চালিয়ে যাবেন, কিন্তু মঠের চারপাশে চলমান বিলাসবহুল নির্মাণ এবং রাস্তা সম্প্রসারণ স্থানীয় এবং আন্তর্জাতিকভাবে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এই পর্বতমালার কোলেই বসবাসকারী ঐতিহ্যবাহী বেদুইন সম্প্রদায় ‘জেবেলিয়া’ দীর্ঘদিন ধরে ‘সেন্ট ক্যাথরিনের রক্ষক’ হিসেবে পরিচিত। তাদের বাড়িঘর ও পর্যটন ইকো-ক্যাম্পগুলো ধ্বংস করা হয়েছে, ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া নতুন গাড়ি পার্কিংয়ের জন্য স্থানীয় কবরস্থান থেকে পূর্বপুরুষদের দেহাবশেষ সরানো হয়েছে। ব্রিটিশ ভ্রমণ লেখক বেন হফলার উল্লেখ করেছেন, এই প্রকল্পকে ‘টেকসই উন্নয়ন’ হিসেবে উপস্থাপন করা হলেও এটি বেদুইনদের ইচ্ছার বিরুদ্ধে চাপিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, “যাযাবর ঐতিহ্যে বেড়ে ওঠা একটি সম্প্রদায়ের চারপাশে নতুন শহুরে বিশ্ব গড়ে তোলা হচ্ছে, যা তারা কখনোই চায়নি।”
বেদুইনরা দীর্ঘদিন ধরে সিনাইয়ের পরিবেশ ও পর্যটন সংস্কৃতির অংশ হিসেবে পরিচিত। তাদের সাহায্যে পর্যটকরা পাহাড়ের পথগুলো নিরাপদভাবে অতিক্রম করতেন। কিন্তু নতুন মেগা প্রকল্পে বাইরে থেকে শ্রমিক আনা হবে এবং স্থানীয় সম্প্রদায়কে সরিয়ে দেওয়া হবে। ফলে জেবেলিয়া গোত্রের ঐতিহ্য, জীবনধারা এবং স্থানীয় কর্তৃত্ব চিরতরে বদলে যেতে পারে।

সিনাইয়ের উন্নয়ন প্রকল্পের পাশাপাশি সেন্ট ক্যাথরিন মঠের মালিকানা নিয়েও গ্রিস ও মিশরের মধ্যে কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। ২০২৩ সালের মে মাসে মিশরের এক আদালত রায় দেয় যে মঠটি রাষ্ট্রীয় ভূমির ওপর অবস্থিত এবং এর চারপাশের প্রত্নতাত্ত্বিক ধর্মীয় স্থানগুলো ব্যবহারের অধিকারী। গ্রিক চার্চের প্রধান, এথেন্সের আর্চবিশপ দ্বিতীয় ইয়েরোনিমোস, রায়ের নিন্দা জানিয়ে বলেন, মঠের আধ্যাত্মিক বাতিঘর অস্তিত্ব সংকটে। মঠের আর্চবিশপ ডামিয়ানোসও এক সাক্ষাৎকারে এটি ‘গুরুতর আঘাত ও অসম্মান’ হিসেবে বর্ণনা করেছেন এবং পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
জেরুজালেমের গ্রিক অর্থোডক্স প্যাট্রিয়ার্কেট জানায়, মঠটি খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে শান্তির প্রতীক। বাইজেন্টাইন যুগে নির্মিত এই মঠে ফাতেমীয় যুগে নির্মিত একটি ছোট মসজিদও রয়েছে। এই স্থানকে নিরাপদ রাখার নিশ্চয়তা দিয়েছিলেন হজরত মুহাম্মদ (সা.)।
বিগত কয়েক মাসে মিশরের রাষ্ট্র-পৃষ্ঠপোষকতায় শুরু হওয়া ‘গ্রেট ট্রান্সফিগারেশন প্রজেক্ট’ বিতর্কের কেন্দ্রে রয়েছে। এই প্রকল্পে হোটেল, ইকো-লজ, একটি বিশাল ভিজিটর সেন্টার, পার্শ্ববর্তী বিমানবন্দর সম্প্রসারণ এবং কেবল কার নির্মাণ অন্তর্ভুক্ত। যদিও অর্থায়নের অভাবে প্রকল্প সাময়িকভাবে থমকে আছে, তবু সেন্ট ক্যাথরিন মঠের দৃশ্যমান এলাকা এবং ‘প্লেইন অব এল-রাহা’ ইতিমধ্যেই রূপান্তরিত হয়ে গেছে।

সিনাইয়ের আদিবাসী বেদুইন সম্প্রদায় বহু প্রজন্ম ধরে এই অঞ্চলকে তাদের আবাসভূমি হিসেবে ধরে রেখেছে। ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে সিনাই ইসরায়েলের দখলে যায় এবং ১৯৭৯ সালের শান্তিচুক্তির পর মিশরের কাছে ফেরত আসে। এরপর বেদুইনরা অভিযোগ করেছেন যে তারা দ্বিতীয় শ্রেণির নাগরিকের মতো আচরণ করা হচ্ছে। ১৯৮০-এর দশকে দক্ষিণ সিনাইয়ে শার্ম এল-শেখসহ পর্যটন কেন্দ্রের নির্মাণ শুরু হয়। ইতিহাসের পুনরাবৃত্তি হিসেবে বর্তমানের সেন্ট ক্যাথরিন উন্নয়ন প্রকল্পেও স্থানীয়দের সরিয়ে দেওয়া হচ্ছে।
মিশর সরকার দাবি করছে যে প্রকল্পটি ‘উন্নয়নমূলক’, কিন্তু বেদুইনদের ঐতিহ্য, জীবনধারা এবং সাংস্কৃতিক ভবিষ্যৎ নিয়ে সংশয় কমছে না। সমালোচকেরা মনে করছেন, প্রকল্পটি স্থানীয় সম্প্রদায়ের স্বার্থ না ভেবে উপরের থেকে চাপিয়ে দেওয়া হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির মতে, সিনাই পর্বত সংরক্ষণ, পর্যটন উন্নয়ন এবং স্থানীয় সম্প্রদায়ের অধিকার নিয়ে এই সংঘাত আন্তর্জাতিক নজর কাড়ছে। প্রকল্পের সঙ্গে ধর্মীয়, সাংস্কৃতিক এবং কূটনৈতিক বিষয়গুলো জড়িত হওয়ায় স্থানীয় এবং বৈশ্বিক পর্যবেক্ষকরা সঠিক সমাধান ও সংরক্ষণের আহ্বান জানাচ্ছেন। এই বিতর্কটি কেবল মিশর বা গ্রিসের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি বিশ্ব ঐতিহ্য ও আদিবাসী অধিকার সংরক্ষণের বৃহত্তম উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

